মেনেজেসের দলেও রোনালদিনহো নেই
রোনালদিনহোকে বিশ্বকাপে দলে না নেওয়ায় কী সমালোচনাই না শুনতে হয়েছে কার্লোস দুঙ্গাকে! বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার জন্যও দায়ী করা হচ্ছে দুঙ্গার একগুঁয়ে মানসিকতাকে। তবে ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের পথেই হাঁটলেন নতুন কোচ মানো মেনেজেস। ফিফা সাবেক বর্ষসেরা ফুটবলার রোনালদিনহোর জায়গা হলো না দুঙ্গা-উত্তর যুগেও! জায়গা হয়নি কাকা, ফ্যাবিয়ানো, হুলিও সিজারসহ বিশ্বকাপে অংশ নেওয়া বেশির ভাগ ফুটবলারের।আগামী ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন মেনেজেস। এ দলে তিনি বিশ্বকাপে অংশ নেওয়াদের মধ্যে দানি আলভেজ, রামিরেস, থিয়াগো সিলভা ও রবিনহো—এ চারজন ফুটবলারকে রেখেছেন তিনি। তারুণ্যনির্ভর দলে রেখেছেন আলেক্সান্ডার পাতো, পাওলো হেনরিক ও নেইমারকে। মেনেজেসের প্রথম দলে ঠাঁই পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ডি সিলভা ও লিভারপুলের মিডফিল্ডার লুকাস।বিশ্বকাপে ব্যর্থতার জন্য তারকাদের দলের বাইরে পাঠানো হয়েছে কি না প্রশ্নে মেনেজেস বলেন, ‘বিশ্বকাপে ব্যর্থতার জন্য কাউকে দলের বাইরে পাঠানো হয়নি। আমাদের মনে হয়েছে, অনেকের বিশ্রাম প্রয়োজন। সময় হলে তাদেরকে দলে আনা হবে।’ মেনেজেস জানান, একজন ফুটবলার ইচ্ছা করেই দলে থাকেননি। এই ফুটবলার কাকা কি না প্রশ্ন করলে নতুন কোচ বলেন, ‘তার নাম আমি বলতে চাই না। তবে অবশ্যই কাকা নয়।’বিশ্বকাপে অংশ নেওয়া অনেকেরই যে দলে আর ফেরা হবে না, এ ইঙ্গিতও দিয়ে রেখেছেন মেনেজেস, ‘বয়সের কারণে অনেকেই বাদ পড়বে। আমার লক্ষ্য ২০১২ সালের লন্ডন অলিম্পিক ও ২০১৪ সালের বিশ্বকাপের লক্ষ্যেই দল সাজাব আমরা।’কার্লোস দুঙ্গার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল, ব্রাজিলের সুন্দর ফুটবলকে গলা টিপে হত্যা করেছেন তিনি। তবে সেই সুন্দর ফুটবলকে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন মেনেজেস, ‘দুঙ্গার দল সুশৃঙ্খল ছিল, ইতিবাচক মানসিকতার ছিল। তবে জয়ের অনেক উপায় রয়েছে। আমার লক্ষ্য থাকবে, যেভাবে সবচেয়ে বেশি জয় আসবে সেভাবেই খেলে যাওয়া। আর সুন্দর ফুটবল খেলার মাধ্যমেই এটি সম্ভব।’ বিবিসি।