মেনেজেসের ব্রাজিল-ভাবনা
আর দুই বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ। শিরোপা ছাড়া অন্য যেকোনো ফল হবে ব্যর্থতার নামান্তর। অথচ ব্রাজিল কোচ মানো মেনেজেস এখনো দল নিয়ে কাটাছেঁড়া করছেন। সমস্যাটা হলো এই ব্যবচ্ছেদের দাগ শুকিয়ে দলকে একটা নিরেট কাঠামো দিতে সময়টা একটু বেশিই নিয়ে ফেলছেন। তাই প্রতিভার ছড়াছড়ি থাকা সত্ত্বেও সমর্থকদের মন ভরাতে পারছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফুটবলে শুধু ব্যক্তিগত প্রতিভা দিয়ে কাজ হয় না, দলীয় সংহতিও খুব দরকার। আর সেজন্য মেনেজেস বলছেন সবার আগে দল হয়ে উঠতে হবে খেলোয়াড়দের, ‘রোনালদোর বা রবার্তো কার্লোসের (সে যখন করিন্থিয়ানসে আমার অধীনে খেলত) মতো গ্রেট খেলোয়াড়দের থেকে যা শিখেছিলাম, সেটা হলো খেলোয়াড়দের সঙ্গে আপনার একটা সরাসরি সম্পর্ক থাকতে হবে। গ্রেটরা লুকোছাপা করতে পছন্দ করে না, তারা কাজের কথাই সবার আগে বলে। কে একজন যেন বলেছিল গ্রেটরা খুব একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় না, এটা আসলেই সত্যি।’আর যারা বড় খেলোয়াড় না হয়েও নিজেদের গ্রেট মনে করে তারাই কোচের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় বলে মেনেজসের ধারণা। বড় দলে খেলোয়াড়দের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত নতুন কিছু নয়। সেটির বীজ উপড়ে ফেলতে পারলে দল নিশ্চিতভাবেই ভালো করে। মেনেজেসও বললেন সে কথাই, ‘ক্লাবের হয়ে অনেকেই অনেক গুরুত্ব পায়। কিন্তু জাতীয় দলে খেললে এটা ভাগাভাগি করে নিতে হবে।’ তবে কি নেইমার, অস্কারদের অন্তর্দ্বন্দ্বের কারণেই ফুল হয়ে ফুটতে পারছে না ব্রাজিল? মেনেজেসের আঙুল কিন্তু সেদিকেই।দলীয় কৌশলের দিক দিয়ে বার্সেলোনাকে অনেকেই মানছেন মানদণ্ড। সাদা চোখে বার্সার ‘টিকি-টাকা’ অনেকটাই সোজা বটে, কিন্তু মাঠে প্রয়োগ করাটা কঠিন। মেনেজেস সেটা স্বীকারও করলেন, ‘তারা (বার্সা) এমনভাবে জিনিসগুলো করবে, আপনার মনে হবে ট্যাকটিক্যালি এটা সম্ভব নয়। তার পরও দলটি সর্বোচ্চ উচ্চতায়-ই উঠেছে। এটা সম্ভব হয়েছে শুধু ওই দলটি এবং নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়ের জন্য।’ ফুটবলে বার্সেলোনা এখন একটা অনুসরণীয় উদাহরণ। মেনেজেস মনে করেন এই মণিহার শুধু তাদেরই সাজে। ওয়েবসাইট।