মেন্ডিস-পোলকের দুরকম ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা ভারতের নাক ঘেঁষে শ্রীলঙ্কা আছে তিন নম্বরে। সাম্প্রতিক পারফরম্যান্সও দুর্দান্ত। সর্বশেষ সিরিজেই ইতিহাস গড়ে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ার মাটিতে। দলের পারফরম্যান্স আশা জোগাচ্ছে দিলীপ মেন্ডিসকে। সাবেক শ্রীলঙ্কা অধিনায়কের ধারণা, ঘরের মাটিতে বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা আছে তাঁর দেশের। তবে মেন্ডিসের সঙ্গে আবার একমত নন শন পোলক। সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়কের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট—দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।প্রথম চারটি বিশ্বকাপেই শ্রীলঙ্কার হয়ে খেলেছেন মেন্ডিস, নেতৃত্ব দিয়েছেন ১৯৮৩ ও ১৯৮৭ বিশ্বকাপে। এবার নিজ দেশের সম্ভাবনা নিয়ে তাঁর ভাবনা, ‘বিশ্বকাপ কে জিতবে, অনুমান করা মুশকিল। তবে শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরম্যান্স খুব ভালো এবং তাঁদের সম্ভাবনা উজ্জ্বল। সব কটি ম্যাচই তাঁরা খেলবে দেশের মাটিতে, যেটা নিশ্চিতভাবেই বাড়তি সুবিধা দেবে। দলের লাইনআপও খুব ব্যালান্সড। এখন শুধু শুরুটা ভালো করতে হবে।’তবে এই বাড়তি সুবিধা সত্ত্বেও শ্রীলঙ্কার দৌড় নিয়ে সন্দিহান পোলক, ‘ঘরের মাটিতে খেলার সুবিধা ওরা পাবে। কিন্তু আমি ঠিক নিশ্চিত নই ওরা কত দূর যাবে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল খেলা উচিত...দেশের মাটিতে ভারতও হবে খুব ভয়ংকর দল...সঙ্গে যোগ করব অস্ট্রেলিয়াকে।’ চারটি বিশ্বকাপে খেলেছেন পোলক, নেতৃত্ব দিয়েছেন দেশের মাটিতে ২০০৩ বিশ্বকাপে। ওই বিশ্বকাপের অন্যতম ফেবারিট হলেও বাদ পড়ে যায় তারা প্রথম রাউন্ডেই।বড় টুর্নামেন্টের বেশির ভাগ জুড়ে ভালো খেলে আসল সময়ে খেই হারিয়ে ফেলে বলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লেগে গেছে ‘চোকার’ তকমা। ১৯৯৬ বিশ্বকাপে প্রথম রাউন্ডে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার ফাইনালে হেরে বসে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসা ওয়েস্ট ইন্ডিজের কাছে। পরের বিশ্বকাপের সেমিফাইনালে ভালো অবস্থায় থেকেও টাই করে ছিটকে পড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরের বিশ্বকাপে ছিটকে পড়তে হয় হিসাব-নিকাশ ভুল করে। গত বিশ্বকাপে দুর্দান্ত খেলে সেমিফাইনালে উঠেও নাস্তানাবুদ হয় অস্ট্রেলিয়ার কাছে।তবে পোলক নিজেদের চোকার মানতে নারাজ। বিশ্বকাপ ব্যর্থতার পেছনে সাবেক অলরাউন্ডারের যুক্তি, ‘দুটি বিশ্বকাপে ( ১৯৯৯ ও ২০০৭) আমরা হেরেছি খুব শক্তিশালী অস্ট্রেলিয়া দলের কাছে। ক্রিকেটে কখনো কখনো এমন সময় আসে, যখন প্রতিপক্ষ খুব বেশি ভালো খেলে। অনেকবারই আমাদের দল দুর্দান্ত ছিল, কিন্তু সমন্বিত পারফরম্যান্স দেখাতে পারিনি।’ ওয়েবসাইট।