মেন্ডিস-রহস্য, মেন্ডিসের রহস্য
বেরসিকের মতো কেন যে ভাগ বসালেন লাসিথ মালিঙ্গা! মেন্ডিসময় স্কোরকার্ডে কেন একটু জায়গা করে নিতে হবে তলানিতে!জিম্বাবুয়ের ইনিংসের প্রথম ৯ ব্যাটসম্যানই দুই মেন্ডিসের শিকার। অজন্তা মেন্ডিস ৬, আর জীবন মেন্ডিস ৩ উইকেট—স্কোরকার্ডটা হলো দেখার মতো। মেন্ডিস..মেন্ডিস..মেন্ডিস...শেষ ব্যাটসম্যান পোফুকেই শুধু তুলে নিলেন মালিঙ্গা। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার ৮২ রানের জয়টা মেন্ডিসময় শুধু দুজনের বোলিংয়ের কারণেই নয়। এর আগে ব্যাট হাতেও জিম্বাবুইয়ানদের যন্ত্রণা কম দেননি জীবন মেন্ডিস। তাঁর ৩০ বলে ৪৩ রানের ইনিংসটাই তো ১৮০ ছাড়িয়ে (১৮২) নিয়ে গেল শ্রীলঙ্কার রান। একই দিনে ক্যারিয়ার-সেরা ব্যাটিং-বোলিং করে ম্যাচ-সেরার পুরস্কারটাও পেতে পারতেন ২৯ বছর বয়সী অলরাউন্ডার। কিন্তু আরেক মেন্ডিসের কীর্তি যে শুধু নিজের ক্যারিয়ার-সেরা নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিরই সেরা বোলিং!সর্বোচ্চ চারটি ওভারই করা যায়। টি-টোয়েন্টিতে ছয় উইকেট মানেই তা-ই খ্যাপাটে একটা ব্যাপার। এই ‘পাগলামি’ দুবার করে ফেললেন মেন্ডিস। গত বছরের অক্টোবরে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় উইকেট নিয়েছিলেন ১৬ রানে। পরশু আরও বিধ্বংসী, আরও কিপটে। বোলিং বিশ্লেষণ ৪-২-৮-৬! অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ছয় উইকেটের পর আর কালকের আগে মাঝে শ্রীলঙ্কার হয়ে একটি মাত্র টি-টোয়েন্টিই খেলেছেন। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে এক উইকেট নিয়েছিলেন ২০ রানে। পরে আবার বাদ। এসএলপিএলে ভালো করায় ফিরতে পেরেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। এটাই এখন তাঁর নিয়তি। মেন্ডিসের বোলিং আর ক্যারিয়ার—দুটোকেই এখন বলা যায় রহস্যময়!মুত্তিয়া মুরালিধরন যখন শেষের ডাক শুনছেন, তখনই বলাবলি হচ্ছিল পরবর্তী মুরালিধরন পেয়ে গেছে শ্রীলঙ্কা। অভিষেক থেকে শুরু করে পরবর্তী দেড় বছর মেন্ডিস ছিলেন এক ধাঁধার নাম। বলে-কয়ে উইকেট তো নিচ্ছিলেনই, এর আগে ব্যাটসম্যানদের হতবুদ্ধি ও বিব্রত করে ছাড়ছিলেন। ২০০৮ সালে অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজে ব্যাটসম্যানদের বোকা বানালেন বলে বলে। দুই মাস পরে এশিয়া কাপে নতুন তারার ঔজ্জ্বল্যে পুড়ে খাক হলো প্রতিপক্ষ। ভারতের বিপক্ষে ফাইনালে ছয় উইকেট মাত্র ১৩ রানে। অভিষেক টেস্ট সিরিজে টেন্ডুলকার-দ্রাবিড়-লক্ষ্মণ-সৌরভের মতো স্পিনমাস্টারদের নবীশের পর্যায়ে নামিয়ে এনে ২৬ উইকেট নিলেন তিন টেস্টে। আধুনিক প্রযুক্তির যুগে এই রহস্যের মীমাংসা হয়ে গেল একসময়। মায়াবী মেন্ডিস হঠাৎই যেন হয়ে পড়লেন বড্ড সাদামাটা। শুরুটা পাকিস্তানের হাতে। লঙ্কার মাটিতেই মেন্ডিসকে তুলোধুনো করে ছাড়ল পাকিস্তানিরা। পরের সিরিজে ভারতীয়রাও সুদে-আসলে বুঝিয়ে দিল পাওনা। রহস্য উদ্ঘাটন করে ফেলল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, এমনকি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাও। ১৯ ওয়ানডেতে ৫০ উইকেট ছোঁয়ার রেকর্ড গড়া বোলার পরের ৪০ ম্যাচে পেলেন মাত্র ৪৬ উইকেট! ৩৩ উইকেট পেয়েছিলেন প্রথম চার টেস্টে, পরের ১২ টেস্টে মাত্র ২৯! দুবার ছয় উইকেটের কারণে টি-টোয়েন্টি রেকর্ডটা অবশ্য এখনো অস্বাভাবিক। ওভারপ্রতি মাত্র ৫.৪৫ রান দিয়ে ২২ ম্যাচে ৪৬ উইকেট, গড়টা ভুতুড়ে—৯.৮৪! লঙ্কানরা আবার নতুন করে আশায় বুক বাধছে। দেড় বছরের ‘হানিমুন’ শেষ হওয়ার পর থেকেই ক্যারিয়ারটা দোদুল্যমান। টানা ব্যর্থতা আর চোট মিলিয়ে বাদ পড়া আর ফেরার কাহিনি বেশ কবার হয়ে গেছে। প্রতিবারের প্রত্যাবর্তনে মনে হয়েছে বুঝি কোনো নতুন জাদু নিয়ে ফিরবেন মেন্ডিস। বারবার আহতই হতে হয়েছে। হারিয়েছেন জায়গা। একসময় রহস্যের জাল বিছিয়ে ক্রিকেটবিশ্বকে মুগ্ধ করা জাদুকরের কাছেই এখন ক্রিকেটকেই তো রহস্যময় মনে হওয়ার কথা! ওয়েবসাইট।টি-টোয়েন্টিতে সেরা বোলিং প্রতিপক্ষ ভেন্যু সাল অজন্তা মেন্ডিস ৪-২-৮-৬ জিম্বাবুয়ে হাম্বানটোটা ২০১২অজন্তা মেন্ডিস ৪-১-১৬-৬ অস্ট্রেলিয়া পাল্লেকেলে ২০১১উমর গুল ৩-০-৬-৫ নিউজিল্যান্ড ওভাল ২০০৯ইলিয়াস সানি ৪-১-১৩-৫ আয়ারল্যান্ড বেলফাস্ট ২০১২টিম সাউদি ৪-১-১৮-৫ পাকিস্তান অকল্যান্ড ২০১০