দুই দলের জন্যই এটা অগুরুত্বপূর্ণ ম্যাচ। আবার গুরুত্বপূর্ণও। জিম্বাবুয়ের বিদায়ে দুই দলেরই সুপার এইট নিশ্চিত, এ অর্থে এই ম্যাচের গুরুত্ব নেই। কিন্তু এখন পর্যন্ত মাত্র একটি করে ম্যাচ হয়েছে। মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এই ম্যাচ তাই গুরুত্ব হারাচ্ছে না। বিশেষ করে, সেমিফাইনাল বা ফাইনালে আবারও দুই দলের দেখা হয়ে যেতে পারে। দুই দলই তাই একে অন্যকে পরখ করে দেখতে চাইবে। বিশেষ করে, মেন্ডিস-রহস্যটাও একটু চেখে দেখতে চায় দক্ষিণ আফ্রিকা।দক্ষিণ আফ্রিকার জন্য সুখবর, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় আজকের ম্যাচে অনিশ্চিত মেন্ডিস। কাল শ্রীলঙ্কা দলের ম্যানেজারই জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে মেন্ডিসের ইনজুরিই আমাদের একমাত্র দুশ্চিন্তা।’তবে মেন্ডিস খেলবেন না ধরে নিয়ে স্বস্তিতে বসে নেই দক্ষিণ আফ্রিকা। তাঁকে সামলানোর প্রস্তুতি ঠিকই নিচ্ছে দলটা। অজন্তা মেন্ডিসের বিপক্ষে এর আগে খুব বেশি খেলার সুযোগ পায়নি প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র দুটো ওয়ানডেতে ১৫ ওভার করেছেন শ্রীলঙ্কান এই স্পিনার। টেস্ট ও টি-টোয়েন্টি খেলা হয়নি। আগের ম্যাচে মাত্র ৮ রানে ৬ উইকেট নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়া মেন্ডিস তাই আরও রহস্যময় দক্ষিণ আফ্রিকার কাছে। এবি ডি ভিলিয়ার্সও বলছেন, মেন্ডিসের মুখোমুখি হওয়াই আপাতত তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জন্য তাঁরা প্রস্তুতও, ‘মেন্ডিস বিশ্বমানের এক বোলার। ছন্দে থাকলে ও সব সময়ই উইকেট নেয়। কিন্তু ওকে আমরা যেমন চাপের মুখে পারফর্ম করতে দেখেছি, চাপের মুখে ভেঙে পড়তেও দেখেছি। তাই আশা করি, ও আমাদের ওপর চাপ তৈরির আগে আমরাই ওকে চাপে ফেলব।’ ম্যাচটি গুরুত্ব হারিয়েছে—এটাও মানতে রাজি হলেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক, ‘এই ম্যাচের উত্তেজনার একটুও কমতি হবে না। আমরা খুব, খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টের মাত্রই শুরুতে, যে টুর্নামেন্ট আমরা সত্যিই জিততে চাই।’ এএফপি।