মেন্ডিসের আরেকটি সুযোগ
সেই চট্টগ্রাম, সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম! নিজেকে হারিয়ে ফেলার আক্ষেপ, নাকি দলে ফেরার রোমাঞ্চ—আজ মাঠে নামার সময় কোন অনুভূতি বেশি থাকবে অজন্তা মেন্ডিসের কাছে?
তাঁর এবার বাংলাদেশে আসাটাই ছিল খানিকটা বিস্ময়ের। সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ খেলছিলেন অস্ট্রেলিয়ায়। রঙ্গনা হেরাথের স্পিন জুটির সন্ধানে থাকা লঙ্কান নির্বাচকেরা পাকিস্তান সিরিজে সাচিত্রা সেনানায়েকের ব্যর্থতায় পর জরুরি তলব করে আনলেন মেন্ডিসকে। প্রথম টেস্টে যদিও জায়গা হয়নি, অভিষেকে ব্যাট হাতে ৯৫ করা অফস্পিনার দিলরুয়ান পেরেরাই ছিলেন মিরপুরে হেরাথের জুটি। দ্বিতীয় ইনিংসে পেরেরার ৫ উইকেট নিশ্চিত করে দিয়েছিল এই টেস্টেও মেন্ডিসের বাইরে থাকা। কিন্তু সুযোগটা এসে গেল ভাগ্যের ভেলায়। চোট নিয়ে আজ দেশে ফিরছেন হেরাথ, আর মাঠে নামছেন মেন্ডিস। সেই চট্টগ্রামে, ‘রহস্য’ বোলারের রহস্য লাল বলে সর্বশেষ দেখা গিয়েছিল যে মাঠে!
এই মাঠে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ টেস্টে খেলেছিলেন মেন্ডিস ২০০৯ সালের জানুয়ারিতে। অজন্তা মেন্ডিস তখন বিশ্ব ক্রিকেটের বিস্ময়। কদিন আগেই ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে ২৬ উইকেট নিয়ে এসেছেন ভারতের বিপক্ষে। ওয়ানডেতে তত দিনে ১৮ ম্যাচে দুবার ৬ উইকেট, একবার ৫ উইকেট ও আরও তিনবার ৪ উইকেট নেওয়া হয়ে গেছে। উইকেটসংখ্যার চেয়েও বিস্ময়কর ছিল উইকেটগুলো যেভাবে পাচ্ছিলেন। আঙুলের টোকায় হাত থেকে বের হওয়া তাঁর একেকটি ডেলিভারি ছিল ব্যাটসম্যানদের ভড়কে দেওয়া একেকটি ধাঁধা। স্পিনে ওস্তাদ ভারতীয় ব্যাটসম্যানদেরই ভোগাচ্ছিলেন সবচেয়ে বেশি। জ্যাক ইভারসন ও জন গ্লিসনের পর আরেকজন রহস্যস্পিনার পেয়ে রোমাঞ্চিত ক্রিকেট-বিশ্ব। আর মুত্তিয়া মুরালিধরন থাকতে থাকতেই মুরালির উত্তরসূরি খুঁজে পেয়ে নিশ্চিন্ত ছিল লঙ্কান ক্রিকেট। সেই চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশের ব্যাটসম্যানদের ধাঁধায় ফেলে নিয়েছিলেন দুই ইনিংসে ৭ উইকেট। সেই শেষ!
সম্ভাবনার শেষ শুরুতেই। পতনটা উত্থানের মতো দ্রুত হয়নি। তবে আবির্ভাবের চেয়েও বিস্ময়কর ধীরে ধীরে তাঁর বিবর্ণ হওয়া। প্রথম ৪ টেস্টে ৩৩ উইকেট পাওয়া বোলারই পরের ৩১ উইকেট পেয়েছেন ১৩ টেস্টে! রঙিন পেশাকে তবু মাঝেমধ্যে দেখা গেছে পুরোনো ঝলক। কিন্তু সাদা পোশাকে একদমই ম্নান। দুই সময়ের মেন্ডিসের সাক্ষী বাংলাদেশও। ওই চট্টগ্রাম টেস্টের পর বাংলাদেশের বিপক্ষে আবার টেস্ট খেললেন গত মার্চে গলে, দুই ইনিংস মিলিয়ে ১৭৫ রানে ২ উইকেট!
এবার চট্টগ্রামে কোন মেন্ডিসকে দেখা যাবে, সেই চট্টগ্রামের মেন্ডিস নাকি গলের মেন্ডিস?