মেয়াদ বাড়ল দুই নির্বাচকের
কাল বিসিবির জরুরি সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে একটি চমকে দেওয়ার মতো। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান। ম্যানেজার তিনি হতেই পারেন। কিন্তু নাঈমুর যেহেতু বিসিবির একজন কাউন্সিলর এবং আসন্ন নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থীও, নির্বাচন বাদ দিয়ে কী করে পালন করবেন ম্যানেজারের দায়িত্ব? বিসিবির নির্বাচন ১০ অক্টোবর, এর আগের দিন শুরু চট্টগ্রাম টেস্ট।
সূত্র অবশ্য জানিয়েছে, নাঈমুর ম্যানেজার হতে অপারগতাই জানিয়েছিলেন। অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই জ্যেষ্ঠ বোর্ড কর্মকর্তাদের অনুরোধে নিতে হয়েছে দায়িত্ব। এ ব্যাপারে নাঈমুরের বক্তব্য জানতে টেলিফোন করেও পাওয়া যায়নি তাঁকে। তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের ব্যাখ্যা, ‘দলের সঙ্গে সম্ভবত একজন অপারেশনাল ম্যানেজারও থাকবেন। কাজেই নির্বাচনের দিন ওর (নাঈমুর) ঢাকায় এলে সমস্যা হওয়ার কথা না।’ জালাল ইউনুস আভাস দিয়েছেন, এখন থেকে গুরুত্বপূর্ণ সিরিজগুলোয় জাতীয় দলের ম্যানেজার থাকবেন একজন বোর্ড কর্মকর্তাই। সঙ্গে দৈনন্দিন কাজগুলো করার জন্য থাকবেন একজন অপারেশনাল ম্যানেজার।
কালকের সভায় প্রধান নির্বাচকের পদ থেকে আকরাম খানের পদত্যাগপত্রও গৃহীত হয়েছে। তবে প্রয়োজনে নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত তাঁর পরামর্শ নেওয়া হবে। ভবিষ্যৎ প্রধান নির্বাচক এখনো ঠিক না হলেও বাকি দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ২০১৫ সালের জুন পর্যন্ত।