মেয়েদের উল্টোযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের মেধাবী ছেলেটির দিকে সব সময় একটু বাড়তি মনোযোগই থাকে সবার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) যেমন বেশি করে নজর শ্যুটারদের প্রতি। কমনওয়েলথ ও এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ অনুশীলনের সুযোগ পাওয়া চার ফেডারেশনের অন্যতম শ্যুটিং। সর্বশেষ কমনওয়েলথ গেমসে ছেলেদের ১০ মিটার এয়াররাইফেলে রুপা জিতে আবদুল্লাহ হেল বাকি শ্যুটিংকে ঘিরে বিওএর উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছেন। কিন্তু ইনচন এশিয়ান গেমসে এখন পর্যন্ত নিজেদের সেরা পারফরম্যান্সটাও করতে পারেননি শ্যুটাররা।

১০ মিটার এয়ার পিস্তল আর ট্র্যাপের পর কাল মেয়েদের ১০ মিটার এয়াররাইফেলেও এসেছে হতাশার খবর। গত আগস্টে গ্লাসগো কমনওয়েলথ গেমসে শ্যুট-অফে তৃতীয় স্থানে থাকা শারমিন আক্তার রত্নার পারফরম্যান্স হয়েছে সবচেয়ে খারাপ। কমনওয়েলথ শ্যুটিং ও এসএ গেমসের সোনাজয়ী এই শ্যুটার গ্লাসগোর স্কোরটাও ধরে রাখতে পারেননি। তাঁর স্কোর ৪০৭, ৫৪ জনের মধ্যে অবস্থান ৩৭। সৈয়দা সাদিয়া সুলতানা কমনওয়েলথ গেমসে ৪১০.৮ স্কোর করে ২৮ জনের মধ্যে দশম হয়েছিলেন। কিন্তু এশিয়ান গেমসে তাঁর পারফরম্যান্স নিম্নমুখী—স্কোর ৪০৮.৮; হয়েছেন ৩৪তম। তবে মন্দের ভালো বলতে হচ্ছে শারমিন আক্তারকে, বিকেএসপির সাবেক শ্যুটার হয়েছেন ৩১তম। তাঁর স্কোর ৪০৯.২। গ্লাসগো কমনওয়েলথ গেমসে সুযোগ পাননি ইসলামাবাদ গেমসে সোনাজয়ী শ্যুটার।

এত প্রস্তুতির পরও এমন পারফরম্যান্স মেনে নিতে কষ্টই পাচ্ছেন কোচ ইকবাল হোসেন, ‘আমাদের শ্যুটাররা এভাবে বাজে রেজাল্ট করলে সত্যি খারাপ লাগে। সারা বছর ক্যাম্পে থাকার পরও এই ফল খুব হতাশার।’ শারমিন-সাদিয়াদের কাছে প্রত্যাশা একটু বেশিই ছিল তাঁর, ‘ওরা যে মানের শ্যুটার, ওদের কাছ থেকে আরও ভালো ফল আশা করেছিলাম। কিন্তু ওদের কিছু টেকনিক্যাল সমস্যা আমি খুব কাছে থেকে দেখেছি। ওদের আরও ফাইন টিউনিং দরকার।’

গ্লাসগো কমনওয়েলথ গেমসের শ্যুট-অফে প্রথম হওয়া ভারতের অপূর্বি চান্দেলা ইনচন এশিয়ান গেমসে নেমে দাঁড়িয়েছেন ১৩ নম্বরে। ইকবাল হোসেন মনে করেন চান্দেলার কাছাকাছি অন্তত থাকা উচিত ছিল রত্নার, ‘ভারতের চেয়ে আমাদের শ্যুটাররা কিন্তু মোটেও খারাপ না। কিন্তু সমস্যা হলো, আমাদের ধারাবাহিকতা নেই। তা ছাড়া রেঞ্জের যে মনিটরে অনুশীলন করা হয় সেগুলো অনেক পুরোনো। আমাদের আরও আধুনিক সরঞ্জাম প্রয়োজন। দরকার আরও ভালো মানের কোচ।’

আজ ছেলেদের ১০ মিটার এয়াররাইফেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল্লাহ হেল বাকি, মাহমুদুল হাসান ও জেসিমুজ্জামান। মাত্রই মাস দেড়েক আগে গ্লাসগোর রেঞ্জে চমক দেখানো বাকির জন্যই আজ পদক জয়ের একটা স্বপ্ন দেখছে বাংলাদেশ।