মেয়েরা পারলেও ছেলেরা ব্যর্থ

বর্ণের ক্রমানুসারে মার্চ পাস্টে সবার আগে আফগানিস্তান। এরপর একে একে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও বাংলাদেশ দল ঢুকল ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে। নিজেদের নির্ধারিত খেলা শেষ করে সবার শেষে এল পাকিস্তান। আইএইচএফ ট্রফির সংক্ষিপ্ত, কিন্তু রুচিশীল উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে নৃত্যপরিবেশন করে ভিকারুননিসা নূন স্কুলের মেয়েরা।
ঢাকায় কাল শুরু হয়েছে আইএইচএফ ট্রফি। দক্ষিণ এশিয়ার দলগুলোর এই হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম দিনটি বাংলাদেশের জন্য গেছে অম্ল-মধুর। সকালে পুরুষ দলটি ভারতের কাছে হারলেও বিকেলে মেয়েদের দলটি জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।
শক্তিশালী ভারতের কাছে পুরুষ দল হেরেছে ৩১-৪৫ গোলে। প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে ছিল ১৫-২৫ গোলে। এই ম্যাচে সর্বোচ্চ গোলদাতা ভারতের অনিল কুডিয়া ও বাংলাদেশের সোহেল রানা—দুজনই করেছেন ৯টি করে গোল। বাংলাদেশের হয়ে সাকির সামির ৭ গোল করেছেন। দিনের অন্য ম্যাচে নেপাল ২৭-২২ পয়েন্টে হারিয়েছে আফগানিস্তানকে। আগামীকাল বাংলাদেশের পুরুষ দল তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে শ্রীলঙ্কার সঙ্গে।
আগের দিনই মেয়েদের দল নিয়ে আশার কথা শুনিয়েছিলেন কোচ কামরুল ইসলাম। কাল জয় দিয়েই শুরু করেছে মেয়েদের দল—শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪৭-১৪ গোলে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২২-৭ গোলে। সর্বোচ্চ ৯ গোল করেছেন শিফা। পারুল ৭টি, পূর্ণিমা ও শাহিদা ৫টি করে গোল করেছেন। শাহনাজ পারভীন ও শাহিনার গোল ৪টি করে। বাংলাদেশের মেয়েদের দলের দ্বিতীয় ম্যাচ আগামীকাল, প্রতিপক্ষ আফগানিস্তান।