মেরিনার্সকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ জুলাই ক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছে মেরিনার ইয়াংস ক্লাব। তারপরও শেষ রক্ষা হয়নি। ১ জুলাই প্রিমিয়ার হকি লিগের শেষ ম্যাচে ভিআইপি গ্যালারির কাচ ও চেয়ার ভাঙচুরের ঘটনায় মেরিনার্স ক্লাবকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ফেডারেশন। পাশাপাশি মোহামেডানের কর্মকর্তা ও সাবেক খেলোয়াড় শফিকুল ইসলামকে লাঞ্ছিতের ঘটনায় মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খানকে হকিতে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কাল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
মেরিনার্স ক্লাবকে আগামী এক মাসের মধ্যে ফেডারেশনের তহবিলে জরিমানার টাকা জমা দিতে হবে। অনাদায়ে বাইলজ অনুসারে প্রিমিয়ার লিগে তাদের অর্জিত পয়েন্ট থেকে ৩ পয়েন্ট কেটে নেওয়া হবে। ৪৩ পয়েন্ট নিয়ে এবারের লিগে চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার্স, রানার্সআপ ঊষার পয়েন্ট ৩৮। তবে জরিমানা পরিশোধ না করলেও চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হচ্ছে না মেরিনার্সের।
শাস্তিটা কমই হয়েছে বলে মনে করছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক, ‘আমরা কখনোই চাইনি ছেলেদের অর্জিত চ্যাম্পিয়নশিপ কেড়ে নিই। আর যেহেতু পুরো ঘটনার জন্য তারা অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেছে তাই শাস্তির পরিমাণ অনেক কম হয়েছে।’
গেরহার্ড পিটার নতুন কোচ: গত সপ্তাহেই ফেডারেশনের ই-মেইলে দক্ষিণ আফ্রিকান কোচ জাইলস বনেট জানিয়েছিলেন, হকি দলের দায়িত্ব নিতে বাংলাদেশে আসছেন না। বিকল্প হিসেবে আপাতত জার্মান কোচ গেরহার্ড পিটারকেই বেছে নিচ্ছে ফেডারেশন। আগামী মাসের প্রথম সপ্তাহে একজন সহকারীকে নিয়ে ঢাকায় আসবেন সদ্যই মেরিনার্সকে চ্যাম্পিয়ন করা বাংলাদেশ দলের সাবেক কোচ।