মেরিনার্সকে ভয় পায় হকি ফেডারেশন!
১ জুলাই প্রিমিয়ার হকি লিগের শেষ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে ভিআইপি গ্যালারি ভাঙচুর করেছেন মেরিনার্সের সমর্থকেরা। ওই সময় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের উপস্থিতিতে মোহামেডানের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করেন মেরিনার্সের এক কর্মকর্তা। এই ঘটনায় মেরিনার্সের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চেয়েছিল ফেডারেশন। কিন্তু কাল লিগ কমিটির সভায় সেই সিদ্ধান্ত নেওয়া যায়নি। এমন কলঙ্কজনক ঘটনার পরও শুধু নিন্দা প্রস্তাব নিয়েই ছেড়ে দেওয়া হয়েছে মেরিনার্সকে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের কণ্ঠে কাল ফুটে উঠল অসহায়ত্ব, ‘আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যেন এই দলের বড় ধরনের শাস্তি হয়। কিন্তু লিগ কমিটির সভায় কেউই সাহস করে এই ক্লাবের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি। শুধু নিন্দা প্রস্তাব গ্রহণ করেই সভা শেষ। আমার মনে হয় সবাই ভয় পেয়েছেন। তবে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে আগামী কার্যনির্বাহী সভায়।’ ২৫ জুলাইয়ের কার্যনির্বাহী সভায় ফেডারেশনের সভাপতিই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন বলে জানালেন আবদুস সাদেক।
মেরিনার্স ক্লাবের বিরুদ্ধে মামলা করারও একটা সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন। সেটিও নেওয়া যায়নি বলে জানালেন আবদুস সাদেক, ‘আমি মামলা করতে চেয়েছিলাম। কিন্তু ফেডারেশনের অন্য কর্মকর্তারা আমাকে বুঝিয়েছেন পল্টন থানায় মামলা করতে হবে। ওই ক্লাবও থানার পাশে। ওরা মামলার পর আরও ভয়ংকর কিছু করতে পারে। এ জন্য মামলাও করতে পারছি না।’
কালকের লিগ কমিটির সভায় এবারের লিগের আয়-ব্যয়ের হিসাব পাস হয়েছে। পুরো লিগে খরচ হয়েছে ১৯ লাখ টাকা, এর মধ্যে শুধু আম্পায়ারদের সম্মানী বাবদ দেওয়া হয়েছে ১২ লাখ!