মেরিনার্সের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ জুলাই প্রিমিয়ার হকি লিগের শেষ ম্যাচে ভাঙচুরের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে দুঃখ প্রকাশ করেছে মেরিনার্স ক্লাব। ওই দিন কী ঘটেছিল, ক্লাব প্রাঙ্গণে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে সেটির একটা ব্যাখ্যা দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন মেরিনার্সের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ক্লাবের সহসভাপতি আলমগীর কবির। তাঁর বক্তব্যে প্রকাশ পেয়েছে অনুতাপ, ‘এবারের প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হওয়ার ঘটনাটা ক্লাবের তো বটেই, ঘরোয়া কোনো আসরে আরামবাগ এলাকার সবচেয়ে বড় অর্জন। ওই দিনই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এই অনিচ্ছাকৃত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানিয়ে ফেডারেশন সভাপতির কাছে চিঠিও দিয়েছি।’
ওই দিন ম্যাচে চলতে থাকা বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদ জানাতে ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা ভিআইপি গ্যালারিতে গিয়েছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের কাছে। আলমগীর কবিরের বর্ণনায়, ‘সত্যিকারের দুটি শর্ট কর্নার আদায়ের জন্য রেফারেলের সাহায্য নিতে হয়েছে আমাদের। বাজে আম্পায়ারিংয়ের বিষয়টি জানাতে সাধারণ সম্পাদক ওপরে ভিআইপিতে যান। তখন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে আমাদের সাধারণ সম্পাদকের কথোপকথন মুঠোফোনে ধারণ করছিলেন একজন সাবেক হকি খেলোয়াড়। তাঁকে বারণ করা সত্ত্বেও একই কাজ করলে ক্লাবের সাধারণ সদস্যরা উত্তেজিত হয়ে গ্যালারির কাচ ও চেয়ার ভাঙচুর করেন।’
ঘটনায় ক্ষতিগ্রস্ত ফেডারেশনকে ক্ষতিপূরণ দিয়েছে মেরিনার্স, ভাঙা কাচ বদলে নতুন কাচ বসিয়ে দিয়েছে। তারপরও নাকি ফেডারেশনকে মামলা দিতে ও চ্যাম্পিয়নশিপ কেড়ে নিতে কোনো মহল থেকে উসকানি দেওয়া হচ্ছে! মেরিনার্সের দাবি, একটি মহল হকির ‘শুভযাত্রা’ বাধাগ্রস্ত করতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যদিও ওই মহলের পরিচয় জানাতে চাননি কর্মকর্তারা। ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান মোমিনুল হক সাঈদ আশা করেন, মেরিনার্স এই ব্যাখ্যা দেওয়ার পর সব মহলের ভুল-বোঝাবুঝির অবসান ঘটবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খানহ অনেকে।