মেরিল্যান্ডের বিস্ময়বালিকা

হাইস্কুলের শেষ পরীক্ষাটা দেবেন আগামী বছর। এমন কাউকে ‘কিড’ বললে তো রাগ করারই কথা! কিন্তু কেটি লেডিকির মোটেও রাগ হয় না। শুধু কিড তো নয়, মেরিল্যান্ডের লোকেরা তাঁকে ‘ওয়ান্ডার কিড’ বলে ডাকে যে!
ডাকটা ভালোবাসার। আবার ১৭ বছর বয়সী এই কিশোরীর জন্য দারুণ মানানসইও। সুইমিংপুলে একের পর এক বিস্ময়কর সব কীর্তিই তো গড়ে চলেছেন লেডিকি। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ, যেটি স্মরণীয় হয়ে থাকতে পারত প্রত্যাবর্তনের পর মাইকেল ফেল্প্সের স্বরূপে ফেরার টুর্নামেন্ট হিসেবে, সেটাই লেডিকি নিজের করে নিলেন পরপর দুই দিনে দুটি বিশ্ব রেকর্ড গড়ে!
৪০০ মিটার ফ্রি-স্টাইলে ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন আগের দিনই। কাল ১৫০০ মিটার ফ্রি-স্টাইলেও আরেকটা নতুন বিশ্ব রেকর্ড। এই ইভেন্টে সময় লেগেছে ১৫ মিনিট ২৮.৩৬ সেকেন্ড। সব মিলিয়ে প্যান প্যাসিফিকে তাঁর চারটি ব্যক্তিগত সোনা, একটি দলগত। এ আসরটা লেডিকির না হলে আর কার!
অলিম্পিক ইভেন্ট নয় বলে ১৫০০ মিটারকে খুব বেশি প্রাধান্য দিতে চাননি। তবে বছরের শেষটা যাতে দারুণ হয় সে জন্যই পুলে নেমে নিজের সেরাটা দিয়েছেন লেডিকি, ‘এই ইভেন্টা আমার জন্য খুব কষ্টকর। তবে কষ্ট করলেও শেষ পর্যন্ত আমি সেটার সুফল পেয়েছি। সুতরাং আমি আনন্দিত।’
যে দুটি ইভেন্টে এবার বিশ্ব রেকর্ড গড়েছেন সে দুটির আগের বিশ্ব রেকর্ডও তাঁরই ছিল। ৪০০ মিটারের রেকর্ডটা গড়েছিলেন এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে। শেনানডোয়াতে গত জুনের উডল্যান্ডস ব্যক্তিগত মিটে গড়েছিলেন ১৫০০ মিটারে আগের রেকর্ডটা। একই আসরে গড়া ৮০০ মিটার ফ্রি-স্টাইলের বিশ্ব রেকর্ডটা এখনো তাঁরই। একই সঙ্গে তিনটি বিশ্ব রেকর্ড! ১৯৮৭ সালে সাঁতারের এই তিনটি ইভেন্টে একই সঙ্গে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছিলেন যুক্তরাষ্ট্রেরই আরেক কিংবদন্তি সাঁতারু জ্যানেট ইভান্স। তাঁর পর লেডিকিই প্রথম। ‘বিস্ময়বালিকা’ না তো কী! আরও মজার যে প্রথমবার একই সঙ্গে এই তিনটি বিশ্ব রেকর্ডের মালিক হওয়ার সময় ইভান্সেরও বয়স ছিল ১৭! লেডিকির মতো ইভান্সও নিজের রেকর্ডই নিজে ভেঙেছেন একাধিকবার।
চেক বংশোদ্ভূত বাবা নিজে সাঁতারে খুব একটা আগ্রহী ছিলেন না। তবে লেডিকির মা মেরি জেন হ্যাগান পেশাদার সাঁতারু ছিলেন, নিজের বিশ্ববিদ্যালয় সাঁতার দলের সদস্য ছিলেন ভাই মাইকেলও। মূলত মা ও ভাইয়ের উৎসাহেই মাত্র ৬ বছর বয়সে সাঁতারপুল আর জলের সঙ্গে সখ্য।
সেই সখ্য যে দিনকে দিন গভীর হচ্ছে, সেটার প্রমাণ তো চোখের সামনেই। এএফপি।