মেরুন জার্সিতে অন্য গেইল

ঈশ্বর চাননি বলেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ—ড্যারেন স্যামির এই ব্যাখ্যার পর আর কোনো কথা থাকে না। হঠাৎ বৃষ্টি এসে পরশু খেলাটা এমন অবস্থায় বন্ধ করেছে, যেখান থেকে শ্রীলঙ্কার জয়টাকেই স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু অসম্ভব ছিল না ওয়েস্ট ইন্ডিজের জয়ও। ডাকওয়ার্থ-লুইসে হেরে যাওয়াটাকে স্যামি তাই নিয়তির পরিহাস ভাবতেই পারেন।
কিন্তু সবটাই কি নিয়তির হাতে ছিল? হারের কিছুটা দায় কি দুই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলসেরও নয়? শ্রীলঙ্কার বিপক্ষে ১৬০ তাড়া করতে নেমে পঞ্চম ওভারে আউট হওয়ার আগে গেইল করেছেন ১৩ বলে ৩ রান! মিরপুরে যখন শিলা-বৃষ্টি হানা দিল, স্যামুয়েলস অপরাজিত ২৯ বলে ১৮ রান করেন। তার মানে যে ১৩.৫ ওভার ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ, তার ৭ ওভারই খেলেছেন এই দুই ব্যাটসম্যান, দুজনের মিলিত রান মাত্র ২১! দুজনে ডট বল দিয়েছেন ২৭টি। অথচ এই গেইলই তো টি- টোয়েন্টির সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান—যাঁকে বল করতে গিয়ে কাঁপতে থাকেন তাবৎ বোলাররা। এই স্যামুয়েলসই ‘টর্নেডো’ এক ইনিংস খেলে শ্রীলঙ্কাকেই হারিয়েছিলেন গত ফাইনালে। পরিসংখ্যান বলছে, পরশুর সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের হারের দায় এই দুজনকে বইতেই হবে। হারের দায়টা দুই ব্যাটসম্যানের ওপর চাপাতে চাননি ড্যারেন স্যামি। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে যা বলেছেন, তাতে তো ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্বীকারই করেছেন তাঁদের দুজনের নিষপ্রভ থাকার ব্যাপারটা, ‘স্যামুয়েলস অনেক দিন ধরেই খুব একটা ভালো ব্যাট করতে পারছেন না। এই কথাটা আমরাও ওকে বলেছি। গেইল সাধারণত উইকেটে গিয়ে কিছুটা সময় নেন থিতু হতে, তারপর ঝড় তোলেন। কিন্তু এই টুর্নামেন্টে সেটাও হয়নি।’
স্যামুয়েলসের কাছে যেমন-তেমন, ওয়েস্ট ইন্ডিজের প্রত্যাশা গেইলের কাছেই ছিল বেশি। কিন্তু শুধু পরশুর ম্যাচে নয়, মোটা দাগে এই টুর্নামেন্টেই সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫ বলে ৫৩ রানের ইনিংসটা বাদ দিলে অন্য ম্যাচগুলোতে ‘গেইলসুলভ’ ব্যাটিং কোথায়! ভারতের বিপক্ষে ৩৩ বলে ৩৪, বাংলাদেশের বিপক্ষে ৪৮ বলে ৪৮। শেষ দুটি ম্যাচে তো আউট হয়েছেন ৫ আর ৩ রান করে। সব মিলিয়ে ৫ ম্যাচে ১৪৩ রান, স্ট্রাইক রেট ১০৭.৫১। টি-টোয়েন্টির নাম বললেই যে ব্যাটসম্যানের চেহারা ভেসে ওঠে চোখের সামনে তাঁর সঙ্গে এই পরিসংখ্যান যায় কি?
তবে জ্যামাইকান ব্যাটসম্যানের ক্যারিয়ার দেখলে বোঝা যাবে, দেশের জার্সিতে এই ব্যর্থতা তাঁর জন্য একেবারে নতুনও নয়। ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ১২২ ম্যাচে ৪৭.০৬ গড়ে ৪৭৫৩ রান, স্ট্রাইক রেট ১৫৩.৭৬, আছে বিধ্বংসী ১০টি সেঞ্চুরিও। অথচ সেই গেইলই ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪২ ম্যাচে ৩২.৬০ গড়ে করেছেন ১২৩৯ রান, স্ট্রাইক রেট ১৩৫.৫৫। সেঞ্চুরি মাত্র একটি, ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়া ম্যাচে। টি-টোয়েন্টিতে তিনি যেন ক্রিকেটের লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে যিনি রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন, আর্জেন্টিনার হয়ে ততটাই মলিন।
আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ কিংবা সিপিএলে যে গেইলকে দেখে অভ্যস্ত সবাই, দেশের হয়ে টি-টোয়েন্টিতে তিনি থাকেন খোলসবন্দী!