মেলবোর্নে মাশরাফিদের নীরব প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেট ২০১৫
বিশ্বকাপ ক্রিকেট ২০১৫

খেলা শেষ করে হোটেলে ফিরতে ফিরতে বেজে গিয়েছিল রাত প্রায় সাড়ে ১১টা। অকল্যান্ড থেকে মেলবোর্নের ফ্লাইট ছিল গতকাল সকাল ৮টা ২০ মিনিটে। তার আগে হ্যামিল্টন থেকে বাসে অকল্যান্ড বিমানবন্দর যেতে লাগবে ঘণ্টা দেড়েক। ঠিক হলো ভোর ৫টায়ই হোটেল ছাড়তে হবে। সেটাই যদি হয়, অতটুকু সময় আর ঘুমিয়ে কী হবে! পরশু নিউজিল্যান্ড ম্যাচের রাতটা তাই বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটারই কাটিয়েছেন নির্ঘুম, ঘোরাঘুরি করে।
সপ্তাহান্তের রাতের সেই ঘোরাঘুরিতে একটা লাভও হয়েছে। হ্যামিল্টনবাসী যাঁরাই বাংলাদেশের ক্রিকেটারদের দেখেছেন, সিক্ত করেছেন অভিনন্দনে। নিউজিল্যান্ডে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে এত ভালো খেলল দলটা! এর আগে তারা ইংল্যান্ডকে হারিয়ে জোগাড় করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে হ্যামিল্টনবাসীর উচ্ছ্বাস বলছিল অ্যাডিলেডের ওই জয়টা যেন ছিল তাদেরই।
ইংল্যান্ডকে হারানোর পর থেকে অস্ট্রেলিয়াতেও বাংলাদেশ দলের আদর-আপ্যায়ন বেড়ে গেছে। তবে মুঠোফোনে টিম ম্যানেজমেন্টের এক সদস্য যেমনটা জানালেন, সেটি বেড়েছে যতটা না বাংলাদেশ জেতায়, তার চেয়ে বেশি ইংল্যান্ড হারায়। ক্রিকেটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার শত্রুতা চিরকালীন। মাশরাফি বিন মুর্তজার দল সেই শত্রুকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ায় অস্ট্রেলীয়রা তো তাদের মাথায় তুলে রাখবেই!
কাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মেলবোর্নে পৌঁছানোর পর বাকি দিনটা বিশ্রামে কাটিয়েছে দল। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঘোষিত ছুটি আছে আজও। অবসরের দিনটিতে অধিনায়ক মাশরাফি দেখতে যাবেন এনামুল হককে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে পুরো দল হ্যামিল্টনে গেলেও অ্যাডিলেড থেকেই মেলবোর্নে চলে এসেছিলেন কাঁধে চোট পাওয়া এনামুল। গত বৃহস্পতিবার মেলবোর্নের গ্লেনফেরি প্রাইভেট হাসপাতালে তাঁর কাঁধের অস্ত্রোপচার হয়েছে। ১৮ মার্চ আরেকবার ডাক্তার দেখিয়েই হয়তো দেশে ফিরবেন। এনামুল বর্তমানে আছেন অস্ট্রেলিয়াপ্রবাসী এক বাংলাদেশির বাসায়।
এমসিজিতে বাংলাদেশ দলের কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু হবে আগামীকাল থেকে। অবশ্য ১৯ মার্চের ম্যাচের প্রতিপক্ষ ভারতের সঙ্গে তাদের দেখা হয়ে যাবে আগেই। বাংলাদেশ দল যে হোটেলে আছে, মেলবোর্নে এসে সেই ল্যাংহাম হোটেলেই আজ উঠবে ভারতীয়রা।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, ওয়ানডে র্যাঙ্কিংয়েও ভারত দুই নম্বরে। এমন দলের মুখোমুখি হওয়া বাংলাদেশ দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জই। তার ওপর অন্য ম্যাচগুলোর মতো এই ম্যাচে গ্যালারির সমর্থনও খুব বেশি থাকবে না মুশফিক-মাহমুদউল্লাহদের জন্য। কীভাবে থাকবে? অস্ট্রেলিয়াপ্রবাসী কয়জন বাংলাদেশিই আর ভেবেছিলেন বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠবে! আগে থেকে এই ম্যাচের টিকিট কেনা বাংলাদেশি সেখানে কমই আছে। আর এখন তো টিকিটই পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভারতের শেষ আটে ওঠাটা প্রত্যাশিত ছিল বলে প্রবাসী ভারতীয়দের হাতে কোয়ার্টার ফাইনালের প্রচুর টিকিট। ভারত ম্যাচের দিন এমসিজির গ্যালারিকে তাই ওয়াংখেড়ে বা ইডেন গার্ডেনসের গ্যালারিও মনে হতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে।
তবে দল সূত্রের খবর, আপাতত সব ধরনের ক্রিকেটীয় চিন্তা থেকেই খেলোয়াড়দের দূরে থাকার পরামর্শ দিয়েছেন কোচ। এখন পর্যন্ত বিশ্বকাপটা খুব ভালো গেছে। উপভোগ করতে বলা হয়েছে সেটিকেই। খেলা নিয়ে আলোচনা তার পরও এসেই যায়। নিউজিল্যান্ডের ম্যাচটা নিয়ে যেমন তৃপ্তি-অতৃপ্তি দুই-ই আছে দলের মধ্যে। তৃপ্তি হলো ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারার। আর অতৃপ্তি, অল্পের জন্য ম্যাচটা জিততে না পারার। প্রায় সব খেলোয়াড়ই মনে করছেন, আরেকটু চেষ্টা করলে হয়তো নিউজিল্যান্ডকেও হারিয়ে দেওয়া যেত।
যেসব কারণে শেষ পর্যন্ত তা হয়নি, ভারতের বিপক্ষে সেই ভুলগুলো আর করতে চায় না বাংলাদেশ দল। না, কোনো টিম মিটিংয়ের সিদ্ধান্ত নয়। বাসে, বিমানে, রেস্টুরেন্টে কিংবা আড্ডায় নিজেদের কানে নিজেরাই এই মন্ত্র ঢুকিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। বড়রা ছোটদের বোঝাচ্ছে, ‘তোমার ওই জিনিসটা ভুল ছিল, ওটা ছিল ভালো।’ বন্ধুস্থানীয়রা বন্ধুস্থানীয়দের বলছে, ‘এভাবে না করে ওভাবে করিস। দেখবি ভালো ফল পাবি...।’
এই হলো মেলবোর্নের বাংলাদেশ। নির্ভার, কিন্তু সেই নির্ভারতার মধ্যেই জেগে উঠছে একটা দায়িত্ববোধ। ১৬ কোটি মানুষের হঠাৎ বেড়ে যাওয়া প্রত্যাশাপূরণের নীরব প্রতিজ্ঞা।