মেলবোর্ন টেস্ট খেলার ব্যাপারে আশাবাদী পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্ন টেস্টটা খেলার ব্যাপারে ক্রমশই আশাবাদী হয়ে উঠছেন অসি অধিনায়ক রিকি পন্টিং। পার্থ টেস্টে আঙুলে আঘাত পাওয়ায় অ্যাশেজ সিরিজের গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্টে মাঠে নামতে পারাটা অনেকখানিই অনিশ্চিত হয়ে পড়েছিল পন্টিংয়ের। কিন্তু গতকাল তিনি কোনো বাধাবিঘ্ন ছাড়াই অংশ নিয়েছিলেন দলের ফিল্ডিং অনুশীলনে। আর আজ ও কাল ব্যাটিং অনুশীলনেও যোগদান করে শঙ্কা অনেকটাই কাটিয়ে ফেলতে পারবেন বলে আশা করছেন তিনি। ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকার এক কলামে পন্টিং লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার পরীক্ষা-নিরীক্ষার ফলাফল অনেক ইতিবাচক। আজ ও কাল ব্যাট হাতে অনুশীলনে অংশ নেওয়ার পর আমার সর্বশেষ অবস্থাটা বুঝতে পারব। তবে আমি খুবই অবাক হব যদি মেলবোর্ন টেস্টে ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউসের সঙ্গে টস করতে না যেতে পারি।’তিন টেস্ট পর সিরিজে ১-১-এ সমতা আসার পর বেশ ভালোই জমে উঠেছে অ্যাশেজ সিরিজ। আর চতুর্থ টেস্টটা মেলবোর্নে ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে শুরু হতে যাচ্ছে বলে সিরিজে নতুন মাত্রার উত্তাপ-উত্তেজনা যোগ হয়েছে। ধারণা করা হচ্ছে, মেলবোর্ন টেস্টে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন রেকর্ড সংখ্যক ৯১ হাজার দর্শক। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে মাঠের বাইরে কাটতে হবে, এটা যেন ভাবতেই পারছেন না পন্টিং। তিনি বলেছেন, ‘যেকোনো ক্রিকেটারই মেলবোর্নে বক্সিং ডের দিন এই টেস্টটা খেলতে চাইবে। মেলবোর্নে রেকর্ড সংখ্যক ৯১ হাজার দর্শকের সামনে খেলার থেকে বড় আর কিছুই হতে পারে না।’বেশ কয়েক দিন ধরেই ব্যাট হাতে ভালো পারফরমেন্স দেখাতে পারছেন না রিকি পন্টিং। অ্যাশেজ সিরিজে তাঁর গড় মাত্র ১৬। একটা মাত্র ইনিংসেই করেছেন ৫৮ রান। কিন্তু মেলবোর্নে বরাবরই ঝলসে উঠেছে তাঁর ব্যাট। মেলবোর্ন স্টেডিয়ামে তাঁর গড় ৬২। হয়তো প্রিয় মাঠে আবার রান-খরা কাটিয়ে উঠতে পারার আশাও করছেন পন্টিং। বিবিসি অনলাইন।