মেলবোর্ন টেস্টে স্পিনার খেলানোর পরামর্শ ওয়ার্নের
পার্থ টেস্টে চার পেসারের দুর্ধর্ষ বোলিং আক্রমণ দিয়েই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। জয় পেয়েছিল ২৬৭ রানের বিশাল ব্যবধানে। পঞ্চম কোনো বোলারের কথা ভাবতেও হয়নি অধিনায়ক রিকি পন্টিংকে। দল নির্বাচনে অনেক পরীক্ষা-নিরীক্ষা শেষে শেষ পর্যন্ত জয়ের দেখা পাওয়ার পর এখন নিশ্চয়ই দলে আর কোনো পরিবর্তন আনার কথা চিন্তা করবেন না অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। কিন্তু শেন ওয়ার্ন মেলবোর্ন টেস্টে একজন স্পিনার খেলানোর পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়াকে। মেলবোর্নের সবুজ পিচে নতুন বলের কার্যকারিতা শেষ হয়ে যাওয়ার পর একজন স্পিনারের অভাব অস্ট্রেলিয়া বেশ ভালোমতোই বুঝতে পারবে বলে ধারণা করছেন এই স্পিন কিংবদন্তি।ডেইলি টেলিগ্রাফের একটি ব্লগে ওয়ার্ন লিখেছেন, ‘আমি জানি যে অস্ট্রেলিয়ার নির্বাচকেরা আগের ম্যাচের জয়ী দলটা নিয়েই মাঠে নামতে চাইবে। কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, মেলবোর্নের টেস্টগুলোতে সব সময়ই একজন স্পিনারের প্রয়োজনীয়তা টের পাওয়া গেছে। কেউ তো আর শুধু প্রথম ইনিংসের কথা ভেবে দল নির্বাচন করতে পারে না। যদিও জয়ী দলটাকে পরিবর্তন করাটা খুব কঠিন, কিন্তু আমার মনে হয় মেলবোর্নে একজন স্পিনার খেলানো উচিত।’ পার্থ টেস্টের জন্য মাইকেল বিয়ারকে দলে জায়গা দেওয়ার সুপারিশ করেছিলেন ওয়ার্ন। শেষ পর্যন্ত দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে সুযোগও পেয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে এবার আর বিয়ার নয়, ওয়ার্ন বলেছেন ডানহাতি অফ স্পিনার নাথান হরিজের কথা। এর আগে ১৭ টেস্টে ৬৩টি উইকেট শিকার করেছেন হরিজ। অ্যাশেজ শুরুর আগে ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়ালেসের হয়েও ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন তিনি। অ্যাশেজেও তাঁকে সুযোগ দেওয়া হলে তিনি নির্বাচকদের হতাশ করবে না উল্লেখ করে ওয়ার্ন বলেছেন, ‘অ্যাশেজ শুরুর আগেও আমি একবার বলেছিলাম যে হরিজকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। আমার এখনো মনে হয়, মেলবোর্ন আর সিডনি টেস্টে তাকে দলে অন্তর্ভুক্ত করা উচিত।’ রয়টার্স।