মেলবোর্নে ওয়াটসনের রাত
নীরবে, নিভৃতে কতবার না কেঁদেছেন শেন ওয়াটসন। অস্ট্রেলিয়া দলে মোটামুটি ‘অটোমেটিক চয়েসই’ ছিলেন, কিন্তু বারবারই মাঠের বাইরে চলে যেতে হয়েছে একের পর এক ইনজুরিতে। কাল আরও একবার কাঁদলেন। এবার প্রকাশ্যে, মেলবোর্নের ক্যাসিনো রয়ালে পুরো অস্ট্রেলিয়া ক্রিকেটমহলের সামনে। তবে এ কান্না সুখের, আনন্দের। গত দেড় বছরে তাঁর যে নাটকীয় রূপান্তর দেখেছে বিশ্ব ক্রিকেট, কাল পেলেন তারই স্বীকৃতি। বর্ষসেরা অস্ট্রেলিয়ান ক্রিকেটার হয়ে ওয়াটসন জিতে নিয়েছেন এ বছরের অ্যালান বোর্ডার পদক। ক্রিকেটার, মিডিয়া এবং আম্পায়ারদের ভোটে ২০০০ সাল থেকে নিয়মিত হয়ে আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট-নাইট।‘ওয়াট্টো’ জিতে নিয়েছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও। গত এক বছরে ওয়ানডেতে রান ও উইকেট—দুটোতেই অস্ট্রেলিয়ার তৃতীয় সেরা ওয়াটসন। ওয়ানডেতে এমন পারফরম্যান্সের সঙ্গে টেস্টে ৫৬.৬০ গড়ে ৮৪৯ রান এবং ১৩ উইকেট—অ্যালান বোর্ডার পদক প্রাপ্তিতে এই অলরাউন্ডারের কোনো প্রতিদ্বন্দ্বী রাখেনি। মোট ১২৫ ভোট পেয়ে তিনি পেছনে ফেলেছেন মাইকেল ক্লার্ক (৯০) ও মিচেল জনসনকে (৮৭)। পুরস্কার জেতার পর সবাই সাধারণত ধন্যবাদ জানান কোচ, সতীর্থ ও পরিবারকে। আর আবেগাপ্লুত ওয়াটসন সবার আগে ধন্যবাদ জানালেন মেডিকেল টিমকে। কারণটা নিশ্চয়ই বলে দিতে হবে না!টেস্টে ওয়াটসনের ওপেনিং পার্টনার সাইমন ক্যাটিচ জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব। গত এক বছরে ১৩ টেস্টে এই বাঁহাতি করেছেন ৪৮.৪৩ গড়ে ১১১৪ রান। ‘ব্র্যাডম্যান ইয়াং ক্রিকেটার অব দ্য ইয়ার’ জিতেছেন ভিক্টোরিয়ার অলরাউন্ডার জন হাস্টিংস। বর্ষসেরা মহিলা ক্রিকেটার শেলি নিটশ্চকে। আর টানা দ্বিতীয়বারের মতো রাজ্যদলের বর্ষসেরা ক্রিকেটার মাইকেল ক্লিঞ্জার। ওয়েবসাইট।