মেলবোর্নে ক্লার্কের রাত
হ্যাটট্রিকের সম্ভাবনা ছিল শেন ওয়াটসনের। কিন্তু সময় যে এখন মাইকেল ক্লার্কের! সময়ের প্রতিফলনই পড়ল অ্যালান বোর্ডার পদক প্রদান অনুষ্ঠানে। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের খেতাব ‘অ্যালান বোর্ডার পদক’ তৃতীয়বারের মতো জিতলেন ক্লার্ক। সঙ্গে জিতেছেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও। আগের দুবার অ্যালান বোর্ডার পদকজয়ী ওয়াটসন অবশ্য খালি হাতে ফেরেননি মেলবোর্নের ক্রাউন ক্যাসিনো থেকে। ক্লার্কের ডেপুটি জিতেছেন বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব।‘ব্র্যাডম্যান ইয়াং ক্রিকেটার অব দ্য ইয়ার’ হয়েছেন ডেভ ওয়ার্নার। ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মার ‘স্টেট প্লেয়ার অব দ্য ইয়ার’ জিতেছেন ভিক্টোরিয়ার ব্যাটসম্যান রব কুইনি। টানা চতুর্থবার বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন শেলি নিটশ্চকে।অ্যালান বোর্ডার পদক অনুষ্ঠান এবার পূর্ণ করল এক যুগ। এবারের আয়োজন ছিল তাই আগের যেকোনোবারের চেয়ে জাঁকজমকপূর্ণ। ৩০টি বিলাসবহুল গাড়িতে সঙ্গীদের নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন ক্রিকেটাররা। কোন ক্রিকেটার কোন গাড়িতে থাকবেন, ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা কোন ধরনের ও কোন ডিজাইনারের পোশাক ও অলংকার পড়বেন—এসব আগেই জানিয়ে দেওয়া হয়েছিল অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে।অ্যালান বোর্ডার পদকে ২৩১ ভোট পেয়েছেন ক্লার্ক, ১৭৪ ভোট পেয়ে দ্বিতীয় মাইক হাসি, আরও ৮ ভোট কম পেয়ে তৃতীয় ওয়াটসন। এর আগে ২০০৫ সালে ও রিকি পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে ২০০৯ সালে এই পদক পেয়েছিলেন ক্লার্ক। সর্বোচ্চ চারবার পেয়েছেন অবশ্য পন্টিংই। এই পন্টিংয়ের সঙ্গে এবার ক্লার্কের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারে। দুজনই পেয়েছিলেন ৯ ভোট, ‘কাউন্টব্যাক’-এ জিতেছেন ক্লার্ক। কাউন্টব্যাকে বিবেচনায় নেওয়া হয় রানের পাশাপাশি উইকেট, ক্যাচ ও রানআউট সংখ্যা। ওয়েবসাইট।