মেলবোর্নে খেলছেন জেমস অ্যান্ডারসন
অ্যাশেজ সিরিজের প্রথম তিন টেস্টে উদ্বোধনী বোলার হিসেবে ইংলিশ বোলিং আক্রমণে একেবারে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। এখন পর্যন্ত তাঁর সংগ্রহ ১২ উইকেট। কিন্তু রোববার থেকে শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টে তিনি মাঠে নামতে পারবেন কি না, তা ছিল সংশয়াবদ্ধ। পার্থ টেস্টের আগে সদ্যোজাত শিশুসন্তানকে দেখতে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। ইংল্যান্ড থেকে তড়িঘড়ি করে ফিরে পার্থে মাঠে নামতে হয়েছিল তাঁর। বিমানভ্রমণ আর পার্থ টেস্টের ধকল কাটিয়ে মেলবোর্নে মাঠে নামতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন অ্যান্ডারসন।এদিকে তরুণ পেসার স্টিভেন ফিন টানা তিন টেস্টে খেলে অসম্ভব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি চাচ্ছিলেন একটু বিশ্রাম। সব মিলিয়ে মেলবোর্ন টেস্টে দলের বোলিং আক্রমণ নিয়ে বেশ চিন্তায় ছিলেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তবে আপাতত চিন্তা থেকে মুক্তি পাচ্ছেন তাঁরা। জেমস অ্যান্ডারসন জানিয়ে দিয়েছেন, মেলবোর্ন টেস্টে খেলার জন্য শারীরিকভাবে সম্পূর্ণ ফিট তিনি। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন চ্যানেলে অ্যান্ডারসন এ কথা বলার পর নিশ্চয়ই হাঁপ ছেড়ে বেঁচেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। প্রথম দুইটি টেস্টের পর ইনজুরির কারণে পার্থ টেস্টে খেলতে পারেননি আরেক পেসার স্টুয়ার্ড ব্রড। তাঁর জায়গায় দলে জায়গা পেয়ে অবশ্য নির্বাচকদের নিরাশ করেননি ক্রিস ট্রেমলেট। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন আট উইকেট। কিন্তু নতুন করে অ্যান্ডারসন বা ফিনও না থাকলে কিছুটা বিপাকেই পড়ে যেত ইংলিশরা। হয়তো টিম ব্রেসনান, আজমল শাহজাদসহ অনেক বিকল্প বোলারের কথা ভাবতে হতো তাদের। এখন কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামার আশা করছে ইংল্যান্ড।মেলবোর্ন টেস্টে ইংল্যান্ডের সম্ভাব্য দল: অ্যান্ড্রু স্ট্রাউস, অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, পল কলিংউড, ইয়ান বেল, ম্যাট প্রিয়র, গ্রায়েম সওয়ান, ক্রিস ট্রেমলেট, জেমস অ্যান্ডারসন ও স্টিভেন ফিন। ক্রিকইনফো।