মেলবোর্নে বেলারুশ পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষ হতেই দৌড়ে গেলেন কিটব্যাগের কাছে। এমন ঐতিহাসিক মুহূর্তে সবার বড় প্রেরণাদাত্রীকেই তো স্মরণ করতে হবে। মুঠোফোন বের করে ফোনও করলেন। কিন্তু ভিক্টোরিয়া আজারেঙ্কার সেই ফোন গেল ভুল ঠিকানায়! এই ভুলটা যে বুকের মধ্যে তোলপাড় করা আবেগ আর উচ্ছ্বাসের ধাক্কাতেই, তা সহজেই অনুমেয়। একটু আগেই কোর্টে তিনবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী মারিয়া শারাপোভাকে উড়িয়ে দিয়ে আজারেঙ্কা মেলবোর্নের রড লেভার অ্যারেনায় উড়িয়েছেন বেলারুশ পতাকা! প্রথমবার গ্র্যান্ড স্লাম ফাইনালে খেলতে নেমেই শিরোপা। যেটা শুধু তাঁরই প্রথম নয়, জন্মভূমি বেলারুশেরই প্রথম গ্র্যান্ড স্লাম। অস্ট্রেলিয়া ওপেনের এই শিরোপা আজারেঙ্কাকে দিয়েছে আরও একটি প্রথমের স্বাদ, ক্যারোলিনা ওজনিয়াকিকে টপকে উঠে গেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। আগামীকাল প্রকাশিতব্য র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকবে আজারেঙ্কার নাম।অর্থাৎ রাজ্য ও রাজত্ব দুটোই জয় একসঙ্গে। আজারেঙ্কার ভাষায়, ‘স্বপ্ন ধরা দিয়েছে সত্যি হয়ে।’ শারাপোভার ছিল পাঁচবার গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলার অভিজ্ঞতা। সেখানে প্রথম ফাইনালে খেলার চাপের সঙ্গে আজারেঙ্কার ছিল ভেঙে পড়ার রোগও। কিন্তু কাল সেই আজারেঙ্কা বিজয়ীর হাসি হাসলেন কোর্টে ইস্পাতকঠিন দৃঢ়তা দেখিয়ে।প্রথম দুটি গেমই জিতে শারাপোভার দৃষ্টি তখন তৃতীয় গেমটি জয়ের দিকে। ঠিক তখনই ঘুরে দাঁড়িয়ে ২২ বছর বয়সী বেলারুশ তরুণী জিতে নিলেন ম্যাচটাই। জিতেছেন পরের ১৩টি গেমের ১২টিই। প্রত্যয়ী আজারেঙ্কার উল্টো পাশে ২০০৮ চ্যাম্পিয়ন শারাপোভা ছিলেন অসহায়। আজারেঙ্কার ৬-৩, ৬-০ গেমের জয় বলবে সে কথাই। ঐতিহাসিক এই সাফল্যের আনন্দ ভাগাভাগি করতে আজারেঙ্কা ওই ফোনটি করেছিলেন বেলারুশে থাকা দাদিকে। ৭০ বছর বয়সেও শিক্ষকতায় ব্রতী দাদিই আজারেঙ্কার সবচেয়ে বড় প্রেরণার নাম। দেশটির প্রেসিডেন্ট আলেজান্দার লুকাশেঙ্কো সঙ্গে সঙ্গেই বিজয়িনীকে পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা, ‘প্রিয় ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ান ওপেনে অবিস্মরণীয় জয়ের জন্য তোমাকে আমার হূদয়ের অভিনন্দন।’ এএফপি।