মেলবোর্নেই ‘ম্যাজিক সেঞ্চুরি’!
শচীন টেন্ডুলকার রিটায়ার্ড আউট, রান ৯২ বল ১৩২ চার ১৫ ছয় ০। কী বুঝছেন? ক্যানবেরায় সিএ সভাপতি একাদশের বিপক্ষে টেন্ডুলকার পূর্বাভাস দিয়ে দিলেন, শততম সেঞ্চুরিটি আসছে!অপেক্ষার বয়স কম হলো না। ১০ মাস। ৯৯তম আন্তর্জাতিক সেঞ্চুরিটি করেছিলেন নাগপুরে, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর টেস্ট-ওয়ানডে মিলে ১৭টি ইনিংস খেলেছেন। চারবার সম্ভাবনা জাগিয়েও পারেননি। বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৮৫ করেছেন। ট্রেন্টব্রিজ টেস্টে ৫৬ করেছেন। ওই সফরে ওভাল টেস্টে ৯১ রানের একটা ইনিংসও আছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুম্বাই টেস্টে আউট হয়েছেন ৯৪ রানে।টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে তাই আলোচনা যেন শেষহীন। তবে সেটি শিগগিরই শেষ হয়ে যেতে পারে। শেষ হয়ে যেতে পারে বক্সিং ডে টেস্টেই। সেই ইঙ্গিত যেন দিলেন টেন্ডুলকার। মেলবোর্নেই সেই সেঞ্চুরি হবে বলে আশাবাদী রোহিত শর্মাও, ‘এটা তার জন্য দারুণ একটা মাঠ। আমি, আমরা সতীর্থরা, পুরো দেশবাসী, সব ভারতীয় একটা জিনিসই দেখতে চাই। আমরা আর বেশি দিন অপেক্ষায় থাকতে চাই না। এরই মধ্যে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। আশা করি, প্রথম টেস্টেই ও সেটা পেয়ে যাবে।’তবে আরেকজন ভারতীয়ের মত অন্য রকম। সঞ্জয় মাঞ্জরেকার। সাবেক এই ক্রিকেটার বলছেন, শততম সেঞ্চুরি এমনিতেই আসবে। এটা নিয়ে বেশি বেশি ভেবে খামোখা বোঝার পাহাড় টেনে চলার দরকার কী! তবে তিনি এ-ও মনে করেন, ইচ্ছা করেই টেন্ডুলকার এই পথে হাঁটছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটায় খেলে সেখানেই সেঞ্চুরিটা করে ফেললে ভালো হতো।সিডনি মর্নিং হেরাল্ডকে মাঞ্জরেকার বলেছেন, ‘আমার দৃঢ়ভাবে মনে হয়েছে, ভারতে যে ওয়ানডেগুলো হলো (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) তাতে ওর খেলা উচিত ছিল। (সেখানে সেঞ্চুরিটা পেয়ে গেলে) এতে প্রত্যাশার বোঝাটি নেমে যেত। অস্ট্রেলিয়ায় ও অনেক বেশি নির্ভার আর চাপমুক্ত খেলতে পারত। কিন্তু ও সেই পথে হাঁটেনি। মেলবোর্ন টেস্টে যখন ভারতীয় দর্শকেরা এসে হাজির হবে, আবার প্রত্যাশা তৈরি হবে। তৈরি হবে চাপও। এই বাড়তি চাপটি ছাড়াই ওর অস্ট্রেলিয়ায় যাওয়া উচিত ছিল।’দেখা যাক, ক্যারিয়ারের শুরু থেকে যে চাপের বোঝা বয়েছেন, এবারও সেটি বয়ে নিতে পারেন কি না টেন্ডুলকার! ওয়েবসাইট।