
ব্র্যাড হাডিন মানতেই রাজি নন তাঁর ঢের বয়স হয়েছে।
‘এই বয়সেও কীভাবে এত দারুণ খেলে যাচ্ছেন?’—এখানে-সেখানে এমন প্রশ্ন নাকি আজকাল হরহামেশা শুনতে হচ্ছে। প্রশ্নটা প্রশংসাসূচকই। কিন্তু ওই যে ‘বুড়িয়ে যাওয়ার’ এক সূক্ষ্ম খোঁচাও আছে সেই প্রশংসার সঙ্গে, সে কারণেই রেগে যাচ্ছেন ৩৬ বছর বয়সী হাডিন, ‘আমাকে অনেকে বলছে আমি বুড়ো হয়ে গেছি। এটা নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই। সত্যি কথা বলতে বয়স নিয়ে আমাদের কারওই কোনো মাথাব্যথা নেই।’
বয়স যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ওপর কোনো প্রভাব ফেলতে পারছে না সেটি অবশ্য স্পষ্ট তাঁদের খেলাতেই ।
হাডিনের মতো ৩৬ পেরিয়েছেন ক্রিস রজার্সও। ত্রিশের কোটা পেরিয়েছেন রায়ান হ্যারিস (৩৪), মিচেল জনসন (৩২), শেন ওয়াটসন (৩২), জর্জ বেইলি (৩১) এবং অধিনায়ক মাইকেল ক্লার্কও (৩২)। গড়ে এই অস্ট্রেলিয়া দলের বয়স ত্রিশের ওপর, অথচ পরপর তিন টেস্টে অপরিবর্তিত এই দলটাই ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ জিতে নিয়েছে!
তাহলে আর বয়স নিয়ে হাডিন-ক্লার্ক-জনসনরা কেন ভাববেন!
ভাবছেনও না। আর সে কারণেই দুই ম্যাচ হাতে রেখে অ্যাশেজ জয়ের পরও কাল মেলবোর্নে শুরু বক্সিং ডে টেস্ট নিয়ে বিন্দুমাত্র গা-ছাড়া ভাব নেই এই ‘অস্ট্রেলিয়ান বুড়ো’দের। দ্য টেলিগ্রাফ পত্রিকায় লেখা কলামে অস্ট্রেলিয়ান অধিনায়ক লিখেছেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করছে, ইতিমধ্যে অ্যাশেজ জিতে যাওয়ায় মেলবোর্নে আমরা কেমন মানসিকতা নিয়ে খেলব? জবাবটা খুব সহজ—পুরো উদ্যম নিয়েই খেলব। এ রকম ছন্দ সব সময় আসে না। যখন আসে তখন তা পুরোপুরি কাজে লাগাতে হয়।’
ক্লার্কের চেয়েও এক পা এগিয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হাডিন। তিনি বলছেন, ‘শুধু মেলবোর্ন নয়, সিডনিতেও আমরা কোনো ছাড় দেব না। আমাদের লক্ষ্য নিজেদের ছাড়িয়ে যাওয়া। আমরা চাই আবারও টেস্টের এক নম্বর দল হতে।’
এই লক্ষ্যটা অবশ্য খুব তাড়াতাড়ি পূরণ হচ্ছে না। টেস্ট র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে পাঁচে অস্ট্রেলিয়া। মেলবোর্ন আর সিডনিতে বাকি দুই টেস্ট জিতলে পাকিস্তান ও ইংল্যান্ডকে টপকে তিন নম্বরে উঠে আসবে ক্লার্কের দল। আগামী বছর প্রতিপক্ষ হিসেবে পাবে শীর্ষ দুই শক্তি দক্ষিণ আফ্রিকা ও ভারতকে। এক নম্বর হওয়ার স্বপ্ন সত্যি হওয়াটা নির্ভর করছে ওই দুই সিরিজে পারফরম্যান্সের ওপর।
একটা দল যখন এমন আত্মবিশ্বাসে টগবগে, অন্য দলটা তখন একের পর এক ধাক্কায় ভীষণ নড়বড়ে। এমনিতেই ব্রিসবেন, অ্যাডিলেড আর পার্থে হেরে ভস্মাধার তুলে দিতে হচ্ছে অস্ট্রেলিয়ার হাতে। মেলবোর্নে মাঠে নামার আগে আরও একটা ধাক্কা হয়ে এসেছে দলের সেরা স্পিনার গ্রায়েম সোয়ানের আকস্মিক অবসরের ঘোষণা। জায়গা নেওয়ার জন্য মন্টি পানেসার আছেন সত্যি, কিন্তু সিরিজের মাঝে জোনাথন ট্রটের পর আরও এক ক্রিকেটারের এভাবে দেশে ফিরে যাওয়া মানসিকভাবে ইংল্যান্ডকে পিছিয়ে দিয়েছে অনেকটাই।
এসব দুঃসংবাদের ভিড়ে অ্যালিস্টার কুককে শুধু একটুখানি আশা দেখাচ্ছে মেলবোর্নে শেষবার অতিথি হয়ে যাওয়ার স্মৃতি। ২০১০ সালে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৯৮ রানে অলআউট করে দিয়ে ইংল্যান্ড টেস্ট জিতে নিয়েছিল ইনিংস ও ১৫৭ রানে।
সেই অস্ট্রেলিয়া আর এই অস্ট্রেলিয়া যে এক নয়, কুক অবশ্য বুঝে গেছেন এই কদিনে! এএফপি, রয়টার্স।