মেলোর বাবা জানতেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনটা যে হবে সেই আশঙ্কা আগেই করেছিলেন ফেলিপ মেলোর বাবা। এই মৌসুমে ছেলে প্রায়ই মাঠে মেজাজ হারিয়ে ফেলছে—এটি নজরে এসেছিল মেলো সিনিয়রের। বিশ্বকাপের নকআউট পর্বে কোনো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এই মেজাজ হারানোর খেসারত দিতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। এখন তো সত্যি হলো সেটাই। ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার পর খলনায়ক বনে গেছেন মেলোই। অথচ এই মেলোর বাড়িয়ে দেওয়া বল থেকেই কিন্তু প্রথম গোলটি করেছিলেন রবিনহো।ইনজুরিতে আগের ম্যাচটি খেলা হয়নি, এই ম্যাচেও ফেলিপ মেলোর খেলা নিয়ে ছিল সংশয়। শেষ মুহূর্তে ইনজুরি কাটিয়ে মাঠে নামলেন। রবিনহোর গোলে ওই অবদান। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটাই পাল্টে গেল। ৫৩ মিনিটে তাঁর ‘আত্মঘাতী’ গোলে সমতা ফেরাল হল্যান্ড, ২০ মিনিট পর লাল কার্ড দেখে বাইরে চলে গেলেন দলকে অসহায় বানিয়ে। ক্যারিয়ারে এ নিয়ে ষষ্ঠবারের মতো দেখলেন লাল কার্ড।আত্মঘাতী গোলটা অবশ্য পরদিন ফিফা সংশোধন করে ওয়েসলি স্নাইডারের নামে দিয়ে দিয়েছে। কিন্তু তাতেও কি দায় মুক্তি হবে মেলোর? ‘প্রথম গোলের সময় হুলিও (সিজার) আমার পেছনে ছিল, আমি মনে করতে পারছি না বল আমার কিংবা ওর গায়ে লেগেছে কি না। বল জালে ঢুকতে দেখার বাজে অনুভূতিটা শুধু মনে পড়ছে। দ্বিতীয় গোলের ক্ষেত্রে বলতে হয়, স্নাইডারের মতো খাটো ফুটবলারকে বক্সের ভেতর হেড করতে দেওয়া আমাদের উচিত হয়নি’—মেলোকে পোড়াচ্ছে আসলে দ্বিতীয় গোলটাই।আরিয়েন রোবেনকে বুট দিয়ে মাড়িয়ে লাল কার্ড দেখার প্রসঙ্গ উঠতেই অবশ্য রেফারির ওপর ফুঁসে উঠেছেন এই মিডফিল্ডার, ‘কাউকে ঘুষি মেরে বা থুতু দিয়ে লাল কার্ড দেখা আর সাধারণ একটি চ্যালেঞ্জের জন্য দেখা এক নয়। আগের ম্যাচে পেপে আমাকে এর চেয়ে বাজে ট্যাকল করেছে। এসব আসলে রেফারির ওপর নির্ভর করে, আমার ধারণা, তিনি একটু বেশিই কঠোর ছিলেন।’ অতি-অভিনয়ের জন্য মেলোর কাঠগড়ায় উঠছেন রোবেনও, ‘রোবেন তো এরপর খেলতেই থাকল। আমি যদি ওকে মারতে চাইতাম, তাহলে ওকে মাঠ ছাড়তে হতো। ওর পা ভাঙার মতো শক্তি আমরা গায়ে আছে। ওকে স্পর্শ করলেই ও বারবার লাফিয়ে উঠে মাটিতে পড়ে গেছে।’নিজের চোখে অন্তত তিনি খলনায়ক নন, ‘আমার ২০১০ বিশ্বকাপের খলনায়ক হওয়ার প্রশ্নই ওঠে না। এটা সম্মিলিত একটা ব্যর্থতা। যখন আমি মাঠ ছেড়ে বের হলাম, তার আগেই তো আমরা দুটো গোল খেয়ে ফেলেছি। আমি আমার ভুলের ভারটা নিচ্ছি।’ সবশেষে নিজেদের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। এই দলটা শিরোপা জিততে পারল না, এটা বিশ্বাস করা কঠিন। এই দলটা সেলেসাওদের ইতিহাসে সবচেয়ে একতাবদ্ধ দল ছিল হয়তো। বিদায়ের জন্য ব্রাজিলের সমর্থকদের কাছে আমি ক্ষমা চাইছি।’ এএফপি, রয়টার্স।