মেসি-অ্যাগুয়েরো জয় এনে দিলেন আর্জেন্টিনার
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় প্রতীক্ষিত জয় পেয়েছে আর্জেন্টিনা। গত রাতে অনুষ্ঠিত খেলায় তারা কলম্বিয়াকে হারিয়েছে ২-১ গোলে। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে সার্জিও অ্যাগুয়েরোর গোলে এ জয়টি তুলে নেয় লিওনেল মেসির দল।খেলার প্রথমার্ধে অবশ্য কলম্বিয়া এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে লিওনেল মেসির গোল আর্জেন্টিনাকে সমতায় ফেরায়। কোচ আলেসান্দ্রো সাবেলা দলকে বেশি আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ করতে গিয়ে পাবলো গুইনাজুর বদলে মাঠে নামান অ্যাগুয়েরোকে। তিনি কোচকে নিরাশ করেননি।বিরতির ঠিক আগ মুহূর্তে কলম্বিয়াকে এগিয়ে দেন মিডফিল্ডার ড্যারলন পাবোন। তাঁর নেওয়া ফ্রি-কিকের বল হাভিয়ের মাসচেরানোর গায়ে লেগে আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোকে ফাঁকি দেয়।এ জয়ের ফলে লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ লড়াইয়ে আর্জেন্টিনা সাত পয়েন্ট নিয়ে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এল। তবে এই রাউন্ডে উরুগুয়ের একটি খেলা বাকি রয়েছে।খেলার প্রথমার্ধে কলম্বিয়ার ছিল সুস্পষ্ট প্রাধান্য। আর্জেন্টিনা ছোট ছোট পাসে খেলে কলম্বিয়ার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। কিন্তু কলম্বিয়ার কৌশল ছিল লম্বা পাসে খেলে বল আর্জেন্টাইন খেলোয়াড়দের নাগালের বাইরে নিয়ে যাওয়া। প্রথমার্ধে কলম্বিয়া দুই উইং দিয়ে আক্রমণ করে আর্জেন্টাইন রক্ষণব্যুহকে ব্যতিব্যস্ত করে দেয়। সে হিসেবে প্রথমার্ধে কলম্বিয়াকে সফলই বলা চলে।দ্বিতীয়ার্ধে কোচ সাবেলা মেসিকে স্বাধীন করে দেন। তাঁর সহায়তায় মাঠে নামেন অ্যাগুয়েরো। এই যুগলবন্দীই আর্জেন্টিনাকে এনে দেয় প্রার্থিত এক বিজয়। রয়টার্স।