মেসি আছেন, নেইমার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই প্রতিভাবান ফুটবলারের দুই রকম যাত্রা। চোট থাকার পরও আর্জেন্টিনা কোচ আগামী মাসে জাপানের সঙ্গে প্রীতি ম্যাচের দলে রেখেছেন লিওনেল মেসিকে। আর ব্রাজিল কোচ মানো মেনেজেস নেইমারকে দল থেকে বাদ দিয়েছেন শৃঙ্খলাজনিত কারণে। জাপানের সাইতামাতে আর্জেন্টিনার ম্যাচটি ৮ অক্টোবর। গত সপ্তাহে স্প্যানিশ লিগে ডান অ্যাঙ্কেলে চোট পাওয়া মেসি এই সময়ের মধ্যে পুরো ফিট না হয়ে ওঠারই কথা। এর পরও সার্জিও বাতিস্তা কেন তাঁকে দলে রাখলেন—প্রশ্ন উঠেছে এটা নিয়ে।সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) কর্মকর্তা গিলের্মো তোফোনি জানিয়েছেন, মেসির ইচ্ছাতেই তাঁকে দলে রাখা হয়েছে, ‘মেসিকে ডাকা হয়েছে, কারণ সে দলে থাকতে চেয়েছে। তাকে দলে রাখতে একটা চুক্তির ব্যাপারও আছে। তবে মেসিকে দলে রাখার আসল কারণ তার থাকতে চাওয়াই।’তবে চোট পাওয়া আরেক খেলোয়াড় ভ্যালেন্সিয়া মিডফিল্ডার এভার বানেগাকে দলে রাখেননি বাতিস্তা। এ মাসেরই গোড়ার দিকে স্পেনের বিপক্ষে ৪-১ গোলে জেতা প্রীতি ম্যাচে দারুণ খেলেছিলেন বানেগা।আগামী মাসে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে দুটি। তবে এই দুই ম্যাচে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কারা হবে, সেটা এখনো ঠিক হয়নি। সূচিতে এই শৃঙ্খলাটুকু না থাকলেও দলের মধ্যে পূর্ণ শৃঙ্খলা চান ব্রাজিল কোচ মেনেজেস। এ কারণেই ব্রাজিল দলে দুর্দান্ত অভিষেক হওয়ার পর পরের ম্যাচেই দলের বাইরে চলে যেতে হলো নেইমারকে।নেইমার শৃঙ্খলা ভঙ্গ করেছেন মূলত তাঁর ক্লাব দল সান্তোসে। এ নিয়ে সান্তোসের কোচ ডরিভাল জুনিয়রের সঙ্গে মন-কষাকষিও হয় নেইমারের। ডরিভাল তাঁকে দল থেকে বাদ দিয়েছিলেন। ব্যাপারটা ভালো লাগেনি মেনেজেসের। এ ধরনের ব্যাপারগুলো ব্রাজিল দলে দেখতে চান না তিনি। এই সতর্কবার্তা পৌঁছে দিতেই নেইমারকে দল থেকে বাদ দিয়েছেন ব্রাজিলের নতুন কোচ, ‘আমার মনে হয়েছে জাতীয় দলে আসলে আমরা কী চাই, সেটা পরিষ্কার করাটা জরুরি।’ রয়টার্স।