মেসি আছেন আগের মতোই!

মাঠে নামছেন, পুরো ৯০ মিনিটই খেলছেন। কিন্তু নামের পাশে লেখা হচ্ছে না গোল! লিওনেল মেসিকে এমন ভূমিকায় দেখতে একেবারেই অভ্যস্ত নয় ফুটবল বিশ্ব। চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারজয়ীকে যে দুর্দান্ত দক্ষতায় একের পর এক গোল করে যেতেই দেখা যায়। সেই মেসিই কিনা লা লিগার টানা চারটি ম্যাচে একবারও বল জড়াতে পারেননি প্রতিপক্ষের জালে!
অস্বাভাবিকই হলেও ফুটবল বিশ্বকে সত্যিই এমন বিরল এক পরিস্থিতির মুখোমুখিই দাঁড় করিয়ে দিয়েছেন মেসি। মেসির সমর্থনে তাঁর কোচ-সতীর্থদের গলা বাড়িয়ে সংবাদমাধ্যমে সাফাই গাইতে হচ্ছে—এটাও এক অচেনা দৃশ্য। গত ম্যাচের পর যেমন বললেন জেরার্ডো মার্টিনো ও অ্যালেক্সিস সানচেজ।
টানা চার ম্যাচে গোলশূন্য থাকা ফুটবলারদের জন্য এমন কোনো বড় ব্যাপার নয়। কিন্তু খেলোয়াড়টার নাম মেসি বলেই চোখে লাগছে। ইয়াহুর এক ব্লগার তো মেসির সাম্প্রতিক ফর্মকে বিবেচনা করছেন দুনিয়া ধ্বংসের আলামত হিসেবে! ফুটবলপ্রেমীরা যে মেসিকে এ রকম চার ম্যাচে গোলশূন্য থাকতে সর্বশেষ দেখেছিল ২০১০-১১ মৌসুমে। আর এমন সময়ও গত কয়েক বছরে মেসির জীবনে তেমন একটা আসেনি।
তবে এটাকে খুব বেশি পাত্তা দিতে চাইছেন না সানচেজ। নিজে গোল না পেলেও বরাবরের মতো দলের সামগ্রিক পারফরম্যান্সে মেসির ভূমিকাটা আগের মতোই আছে বলে দাবি করেছেন এই চিলিয়ান স্ট্রাইকার, ‘লিও বরাবরের মতো একই রকম ফর্মেই আছে। ও গোল করতে পারেনি কিন্তু সবাইকে সহযোগিতা করছে। আমরা মনে করি, ও আগের মতোই খুবই ভালো খেলছে।’
গতকাল এই সানচেজের গোলেই নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। যে ম্যাচে গোলের জন্য মেসিকে একসময় মরিয়া হয়ে উঠতে দেখা গেছে। কাঙ্ক্ষিত গোলটা পেয়েও যেতেন। কিন্তু ৮৩ মিনিটে তাঁর নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকটা চলে গেছে গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে। যদিও এই গোলখরা নিয়ে মেসি একেবারেই উদ্বিগ্ন নন বলেই মন্তব্য করেছেন বার্সেলোনা কোচ মার্টিনো। টানা চারটি ম্যাচে মেসির গোলশূন্য থাকাটা টাটার কাছে নিছকই কাকতাল, ‘সে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি গোল না পাওয়া নিয়ে তাকে উদ্বিগ্ন হতে দেখিনি। আর এখন যা ঘটছে সেটা পুরোই কাকতাল।’
স্প্যানিশ লিগের টানা চারটি ম্যাচ গোলশূন্য থাকলেও এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে মেসির গোলেই রক্ষা পেয়েছিল বার্সেলোনা। ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের বিপক্ষে প্রথমেই পিছিয়ে পড়ার পর মেসির দুর্দান্ত গোলেই সমতা ফিরিয়েছিল কাতালানরা। তবে এসব বলে সান্ব্তনা পাওয়া গেলেও সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে খানিকটা পিছিয়েই পড়েছেন মেসি। লা লিগার ১২ ম্যাচ শেষে মেসির গোলসংখ্যা ৮। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে আছে ১১টি গোল। আর ১২ গোল নিয়ে শীর্ষে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার ডিয়েগো কস্তা।
তবে মেসি যখন গোল করতে শুরু করবেন, নিশ্চয়ই সুদে-আসলেই পুষিয়ে দেন এই ক্ষণিকের গোল না-করাটি!