মেসি আজ খেলবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

ছোটখাটো চোটের সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে ইতালির বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলতে পারেননি। খেলেননি বার্সার সর্বশেষ প্রীতি ম্যাচটিও। লা লিগায় বার্সার প্রথম ম্যাচেও লিওনেল মেসির অংশ নেওয়া না-নেওয়া নিয়ে সংশয় ছিল। তবে সেই সংশয়টা কেটে গেছে।
আজ লেভান্তের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচের ১৮ সদস্যের দলে মেসিকে রেখেছেন জেরার্ডো মার্টিনো। সংবাদ সম্মেলনে সুখবরটা জানান বার্সা কোচ, ‘খেলতে খুবই আগ্রহী মেসি। ছুটির দিনেও সে কঠোর পরিশ্রম করেছে।’
হালকা গড়নের শরীর। তবে টানা চারটি ফিফা ব্যালন ডি’অরজয়ী মেসি ইনজুরির কারণে খুব কম ম্যাচই মিস করেছেন। গত মৌসুমের শেষের দিকে চোটের কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি বার্সা জাদুকর। প্রাক-মৌসুমেও চোট ভুগিয়েছে মেসিকে।
১০ আগস্ট মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস। এ কারণে গত সপ্তাহে জাতীয় দলের হয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। তবে মার্টিনো জানিয়েছেন, লেভান্তের বিপক্ষে ম্যাচে থাকছেন ফ্যাব্রিগাসও। কার্লোস পুয়োলকে অবশ্য মাঠের বাইরে কাটাতে হবে আরও বেশ কিছু দিন। গত জুনে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। স্প্যানিশ এই ডিফেন্ডার কবে নাগাদ ফিরতে পারবেন, তা এখন নিশ্চিত নয়।
বার্সেলোনার ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায়। দেখাবে স্টার স্পোর্টস। সূত্র: ফক্স স্পোর্টস।