মেসি আরও দুই বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

ব্যালন ডি’অর পুরস্কারটা যেন একেবারে নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। ২০০৯ থেকে টানা চারটি বছর তাঁর দখলেই আছে ফিফার বর্ষসেরা ফুটবলারের আসনটা। কবে থামবেন এই আর্জেন্টাইন তারকা? খুব শিগগির হয়তো না। ব্রাজিলের কোচ ফেলিপে স্কলারির মতে, ২৬ বছর বয়সী মেসি এখনো আছেন নিজের সেরা ফর্মে। আর আগামী দুই বছর তাঁর দখলেই থাকতে পারে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা।

১৯৮২ সাল থেকে কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন স্কলারি। ২০০২ সালে বিশ্বকাপ শিরোপাও জিতিয়েছেন ব্রাজিলকে। মেসিকে নিয়ে এই অনুমানটা দাঁড় করিয়েছেন নিজের ব্যাপক অভিজ্ঞতার আলোকেই। সম্প্রতি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে স্কলারি বলেছেন, ‘আমার মনে হয় আগামী দুই বছরের মতো মেসিই সেরা ফুটবলারের জায়গাটায় থাকবে। মেসি দলের একমাত্র খেলোয়াড় না, কিন্তু তার কিছু দারুণ দক্ষতা আছে যা দিয়ে ও যেকোনো ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।’

দুই বা তিন বছর, যত দিনই হোক, ফুটবল বিশ্বে মেসির এই আধিপত্য তো শেষ হবেই। তখন কাকে দেখা যাবে মেসির জায়গাটায়? স্কলারি মনে করছেন, মেসির ছেড়ে যাওয়া স্থানটা দখল করবেন নেইমার। সদ্যই বার্সেলোনায় যোগ দেওয়া নেইমারের যে আরও কিছুদিন সময় লাগবে ইউরোপিয়ান ফুটবলে মানিয়ে নেওয়ার জন্য, সেটা মেনেই নিয়েছেন স্কলারি। কিন্তু সেখানে যে তিনি সর্বোচ্চ সাফল্যটাই পাবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এই ব্রাজিলিয়ান কোচের, ‘নেইমার তার সামর্থ্য-দক্ষতা দেখিয়ে মেসির মতো জায়গায় যেতে পারে। স্পেনে প্রথম বছরটা হয়তো তাকে অনেক কিছু শিখতে হবে। নতুন নতুন কৌশলের সঙ্গে মানিয়ে নিতে হবে। নেইমার নতুন কিছু শেখার ব্যাপারে খুব আগ্রহীও। আর সে এখন ব্রাজিলের চেয়ে আরও উঁচু পর্যায়ে, স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে।’