মেসি-আলভেজ রসায়নেই বার্সার সাফল্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কাল খেলা শুরুর আগেই হয়তো বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠানটা সেরে ফেলেছে বার্সেলোনা। লিওনেল মেসির হাতে তুলে দিয়েছে একটা স্মারক। গ্রানাডার বিপক্ষে হ্যাটট্রিক করে সিজার রদ্রিগেজকে টপকে বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন মেসি। তারই আনুষ্ঠানিক স্বীকৃতি জানাতেই বার্সেলোনার এই উদ্যোগ। ১৯৪২ থেকে ১৯৫৫ পর্যন্ত খেলে রদ্রিগেজ গোল করেছিলেন ২৩২টি। ৫৭ বছর অক্ষত থাকার পর গত ২০ মার্চ তাঁর রেকর্ডটা ভেঙে দিয়েছেন মেসি। আর্জেন্টাইন তারকার গোল এখন ২৩৫টি। মেসিকে সম্মান জানানোর তোড়জোড় যখন চলছে, তখন জানা গেল আরও একটা চমক জাগানো তথ্য। মেসি যে বার্সেলোনার জার্সি গায়ে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন, অনেকেই এর পেছনের কারণ ধরেন জাভি-ইনিয়েস্তার সঙ্গে তাঁর চমৎকার সমন্বয়কে। কিন্তু দানি আলভেজ বলছেন, বার্সেলোনার সাফল্যের পেছনে মেসির সঙ্গে আসল বোঝাপড়াটা তাঁর সঙ্গেই। মেসি যে এত এত গোল করছেন, তার বেশির ভাগ গোলেই আলভেজের অবদান! মেসিকে চূড়ান্ত পাসটা দেন এই ব্রাজিলিয়ানই। আলভেজের ভাষায়, ‘একে অন্যের সঙ্গে প্রথম পরিচয়ের পর থেকেই আমরা খুব ভালো বন্ধু। ব্যক্তি হিসেবেই সে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়েছে, তারা খুবই বিনয়ী, পরিশ্রমী মানুষ। আমাদের এই ঘনিষ্ঠতা মাঠের পারফরম্যান্সেও প্রভাবিত হয়। আমরা দুজন মিলে যা করি তা দলের জন্য দারুণ সহায়ক হয়। আমাদের পরস্পরের দিকে তাকানোর দরকার হয় না। কারণ আমাদের জানাই থাকে, কে কোথায় থাকব!’ ওয়েবসাইট।