মেসি-ইঞ্জিনের জ্বালানি গ্যাগো

সিনেমায় এমন দেখা যায়। দর্শকের চোখ থাকে মূল চরিত্রের দিকে। কিন্তু হঠাৎ করে আবির্ভাব ঘটে এক অতিথি চরিত্রের। সাময়িক উপস্থিতি দিয়ে যিনি মোড় ঘুরিয়ে দেন গল্পের।
বসনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটায় ফার্নান্দো গ্যাগো যেন সেই অতিথি চরিত্র। বিশ্বকাপের নবীনতম দেশটার বিপক্ষে ধুঁকতে থাকা আর্জেন্টিনাকে যিনি পাল্টে দিয়েছেন দ্বিতীয়ার্ধে বদলি নেমে। মোড় ঘুরিয়ে দিয়েছেন খেলার।
আসলে তাঁর খেলার কথা ছিল প্রথম একাদশেই। কিন্তু আর্জেন্টিনার কোচদের মাথায় যে হঠাৎ পাগলামি ভর করে সে তো পেকারম্যান-ম্যারাডোনারাও অনেকবার প্রমাণ দিয়েছেন। সাবেলাও একটা দৃষ্টান্ত গড়লেন আরিক! যে দলটাকে অনেক দিন ধরে তিনি খেলাচ্ছেন ৪-৩-৩ ছকে, বসনিয়ার বিপক্ষে সেদিন কেন জানি ছকটা বদলে করলেন ৫-৩-২। আর তাঁর উদ্ভট সিদ্ধান্তের বলি হয়ে শুরুতে বেঞ্চে বসে থাকতে হলো গ্যাগো-হিগুয়েইনদের। ফলাফল হাতেনাতেই পেলেন আর্জেন্টাইন কোচ। যাঁর ওপর তাঁর পুরো দলের স্বপ্ন নির্ভর করছে, সেই মেসির স্বাভাবিক খেলাটা খেলতে পাশে দুজনকে লাগে। কিন্তু সাবেলার অতিসতর্ক কৌশলের কারণে প্রথমার্ধে অসহায় হয়ে পড়েন মেসি। ওয়ান-টু খেলার জন্য কাউকে না পেয়ে একা বল নিয়ে এগোতে যান, আটকে দেন বসনিয়ার ডিফেন্ডাররা। আর্জেন্টাইন সমর্থকদের সৌভাগ্য, সাবেলা ভুলটা বুঝতে পেরেছেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাই একসঙ্গে মাঠে নামেন গ্যাগো-হিগুয়েইন। বিশেষ করে গ্যাগোকে পাশে পেয়ে যে খেলতে সুবিধা হয়েছিল, সেটা ম্যাচের পরেই স্বীকার করেছিলেন মেসি। একই কথা পরশুও বললেন বেলো হরিজন্তেতে অনুশীলন শেষে, ‘ফার্নান্দো (গ্যাগো) আমাকে ভালো বুঝতে পারে। পাস দেওয়ার সময় ও সবার আগে আমাকেই খোঁজে। আমাদের দুজনের বোঝাপড়াটা দারুণ। ও নামার পর আমি অনেক বেশি বল পেয়েছি আর অনেক আক্রমণের সুযোগ পেয়েছি।’
মানে হিসাবটা সোজা। আর্জেন্টিনার স্বপ্নপূরণের জন্য মেসির জ্বলে উঠতে হবে, আর মেসির জ্বলে ওঠার জন্য তাঁর পাশে গ্যাগোকে লাগবে। এই আর্জেন্টিনা দলের ইঞ্জিন মেসি, কিন্তু সেই ইঞ্জিনের জ্বালানি তো গ্যাগো!
গত বিশ্বকাপ এবং তার পরের অনেক ম্যাচ দেখে আর্জেন্টিনা দল নিয়ে সমর্থকদের মূল দুশ্চিন্তার জায়গাটুকু ছিল রক্ষণভাগ। বসনিয়া ম্যাচের পর সেই দুশ্চিন্তা উধাও না হলেও কিছুটা কমেছে। এখন উদ্বেগ মাঝমাঠ নিয়ে। মেসি-আগুয়েরো-হিগুয়েইনকে নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণভাগের কাছে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী। কিন্তু সেই প্রত্যাশা তাঁরা তখনই পূরণ করতে পারবেন, যদি মাঝমাঠ থেকে তাঁদের কাছে বলের জোগান যায় ঠিকমতো। আর এ কাজের জন্য গ্যাগোই যে যোগ্যতম লোক, সেটা প্রথম ম্যাচের পরেই বুঝে গেছেন সাবেলা। মেসির মতোই তাই বোকা জুনিয়র্স মিডফিল্ডারকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা সাবেলার কণ্ঠেও, ‘আসলে সেদিন (বসনিয়ার বিপক্ষে) ও দারুণ খেলেছে। মাচেরানোর সঙ্গে ওর বোঝাপড়া দারুণ। ওরা দুজন মিলে অনেক বল বাড়িয়েছে।’
বুঝতেই পারছেন, কাল ইরানের বিপক্ষে হয়তো বদলি হিসেবে নামতে হবে না গ্যাগোকে।