মেসি-ইনিয়েস্তার বিশ্রাম
শঙ্কা এখন একটাই। বায়ার্ন মিউনিখের সঙ্গে মহারণের আগে কি সেরে উঠবেন লিওনেল মেসি?পিএসজির সঙ্গে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছেড়েছিলেন। পরের লেগেও ছিলেন না প্রথম একাদশে। দলের প্রয়োজনে শেষ পর্যন্ত আধা ফিট অবস্থাতেই মাঠে নামতে হয় তাঁকে দ্বিতীয়ার্ধে। পিছিয়ে পড়া বার্সেলোনা পেদ্রোর গোলে ম্যাচটি বাঁচায় তাঁরই গড়ে দেওয়া আক্রমণ থেকে। কিন্তু যে ৩৩ মিনিট ওই দিন খেলেছেন, তাতে স্পষ্টই বোঝা গেছে, পুরোপুরি সেরে ওঠেননি।আজ জারাগোজার সঙ্গে লা লিগার ম্যাচ। ১৩ পয়েন্ট এগিয়ে থাকায় মেসিকে নামানোর কোনো ঝুঁকি নিচ্ছে না বার্সা। কোচ টিটো ভিলানোভা বিশ্রাম দিচ্ছেন ইনিয়েস্তা, আলবা, বুসকেটসদেরও। তাঁদের অনুপস্থিতি বার্সার শিবিরের উদ্বেগের কারণ হওয়ার কথা নয়। মেসি-জাভি-বুসকেটসদের বাদ রেখে প্রায় দ্বিতীয় দল নিয়েই তো গত সপ্তাহে মায়োর্কাকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছিল বার্সা।বায়ার্ন যেমন খেলছে, তাতে ২৩ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগটা মেসিকে ছাড়া উতরাতে পারবে বার্সেলোনা? কাতালান ক্লাবটির সহকারী কোচ জর্ডি রৌরা অবশ্য আশ্বস্তই করেছেন, ‘সৌভাগ্যবশত ওর চোটের আর কোনো অবনতি হয়নি। আমরা আশা করছি, ২৩ তারিখের আগেই ও পুরোপুরি সেরে উঠবে।’ মৌসুমের এই অবস্থায় চোট-আঘাত ভোগাতেই পারে। টানা খেলার ধকল সামলানো সোজা নয়। তার ওপর আছে আন্তর্জাতিক ম্যাচের চাপ। ‘সুপার ফিট’ মেসিও যে চোটে পড়লেন, সে-ও কিন্তু ওই আন্তর্জাতিক ম্যাচ খেলার ধকলেই। পৃথিবীর সর্বোচ্চ রাজধানী লাপাজে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে বার্সেলোনায় ফিরে পর্যাপ্ত বিশ্রাম পাননি আর্জেন্টাইন অধিনায়ক। এএফপি।