মেসি একা বিশ্বকাপ জেতাতে পারবে না: কেম্পেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৮ সালের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এবং আর্জেন্টিনার ’৭৮-এর বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য মারিও কেম্পেস বলেছেন, লিওনেল মেসি একজন গ্রেট ফুটবলার হলেও আর্জেন্টাইন দল তাঁর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। কেবল মেসির একার ওপর নির্ভর করে বসে থাকলে বিশ্বকাপে আর্জেন্টিনা বিপদে পড়বে। তিনি আরও বলেছেন, ‘কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভর করে বিশ্বকাপ জেতা যায় না।’লিওনেল মেসি এ মৌসুমে বার্সেলোনার হয়ে স্প্যানিশ প্রিমিয়ার লিগে ৩৪ গোল করে অসাধারণ ফর্মের স্বাক্ষর রেখেছেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৪৭ গোল করে এবার তিনি হয়েছেন ফিফার সেরা ইউরোপীয় ফুটবলার। আগামী মাস থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া বিশ্বকাপে ২৪ বছর পর শিরোপার ক্ষরা কাটাতে ডিয়েগো ম্যারাডোনার প্রশিক্ষণে আর্জেন্টিনা দল মেসিকে ঘিরেই সব পরিকল্পনা সাজাচ্ছে। সদ্য সমাপ্ত মৌসুমে মেসির অসাধারণ পারফরম্যান্স লিওনেল মেসির সঙ্গে নানাভাবেই ডিয়েগো ম্যারাডোনার তুলনা উঠে এসেছে।মারিও কেম্পেস আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ে রেখেছিলেন অনন্য সাধারণ ভূমিকা। সেবার ৬ গোল করে কেম্পেস সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করেন। ফাইনালে সেবার আর্জেন্টিনা মারিও কেম্পেসের দুই গোলে নেদারল্যান্ডসকে হারায় ৩-১ ব্যবধানে। আর্জেন্টিনার বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে বার্তা সংস্থা এপির সঙ্গে আলাপকালে কেম্পেস বলেন, ‘আর্জেন্টিনার এবার বিশ্বকাপ জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে। তবে লিওনেল মেসির ওপর অতিরিক্ত নির্ভরতা আমার ভালো লাগছে না। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, সন্দেহ নেই, তবে কোনো খেলোয়াড়ের পক্ষেই একা কোনো দলকে জেতানো সম্ভব নয়।’নিজের অভিজ্ঞতার ঝাঁপি খুলে কেম্পেস বলেন, ১৯৭৮ সালে আমি ভালো খেলেছিলাম। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় গোল করে দলকে জিতিয়েছিলাম, কিন্তু আমার পেছনে ছিল একঝাঁক দুরন্ত প্রতিভাবান খেলোয়াড়। ১৯৮৬ সালেও ডিয়েগো ম্যারাডোনার অতিমানবীয় ফুটবলের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল বুরুচাগা, ভ্যালদানো, বাতিস্তার মতো খেলোয়াড়েরা। সবার সম্মিলিত প্রচেষ্টা ও নৈপুণ্যেই সেবার কাপ জিতেছিল আর্জেন্টিনা।’ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা প্রসঙ্গে কেম্পেস বলেন, ‘এই তুলনা ঠিক নয়, ম্যারাডোনা ১৯৮৬ সালে দুর্দান্ত খেলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিলেন। কিন্তু আজ ২০১০ সালে ফুটবলে অনেক পরিবর্তন এসেছে।আর্জেন্টিনার কোচ হিসেবে ম্যারাডোনাকে মূল্যায়ন করতে গিয়ে কেম্পেস বলেন, ‘ম্যারাডোনাকে নিয়ে আমার তিনটি মূল্যায়ন রয়েছে, সেগুলো হলো— ‘ভালো’, ‘মন্দ’ ও ‘মিশ্র’।’বিশ্বকাপে দলকে নিয়ে যাওয়ার আগে ম্যারাডোনা নিরবচ্ছিন্ন সময় পেয়েছেন জানিয়ে কেম্পেস বলেন, ‘আমি নিশ্চিত ম্যারাডোনা এ সময়ে দলের ভুল-ভ্রান্তি নিয়ে কাজ করেছেন। আর্জেন্টিনা দল এখন অনেক বেশি সংঘবদ্ধ। অন্তত বাছাইপর্বের সময়ের তুলনায় তো বটেই।’বিশ্বকাপে অভিজ্ঞতাই সবশেষ কথা জানিয়ে কেম্পেস বলেন, ‘বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপটি ভালোই হয়েছে। আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও খেলোয়াড়দের বহু বছর ধরে ইউরোপে খেলার অভিজ্ঞতাই আর্জেন্টিনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মারিও কেম্পেস।