মেসি একা ম্যাচ জেতায় না: ভিলানোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল জারাগোজার বিপক্ষে ৩-১ গোলের জয়। বার্সার তিন গোলের মধ্যে দুটিই লিওনেল মেসির। ম্যাচের প্রথম গোলটি করেছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার, শেষটিও তাঁর।বার্সার কোচ টিটো ভিলানোভা এ জয়ের কৃতিত্ব দিয়েছেন পুরো দলকে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বার্সা শুধুই মেসিনির্ভর দল নয়।বার্সেলোনার ম্যাচ মানেই গোটা ফুটবলবিশ্বের দৃষ্টি মেসির দিকে। সেই প্রতিদানও দিয়ে যাচ্ছেন বার্সা জাদুকর। গতকাল জারাগোজার বিপক্ষে করলেন জোড়া গোল। লা লিগার এবারের মৌসুমে এরই মধ্যে ১৭টি গোল করে গোলসংখ্যার দিক থেকে শীর্ষে আছেন তিনি।ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন টিটো ভিলানোভা। তবে বার্সার কোচ এটাও স্পষ্ট করেছেন, মেসির ওপর বার্সা অতিমাত্রায় নির্ভরশীল নয়। ‘খেলোয়াড়েরা আজ (গতকাল) কঠোর পরিশ্রম করেছে। মেসিই খেলাটা নিষ্পত্তি করেছে। তবে বড় দলের বড় মাপের খেলোয়াড় থাকে। মেসি একা দলকে জেতায় না।’ বলেছেন টিটো ভিলানোভা।গতকালের জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সার ১২ ম্যাচে অর্জন ৩৪ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে রিয়ালের অর্জন ২৬ পয়েন্ট, পয়েন্ট তালিকায় অবস্থান তৃতীয়। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।