মেসি এখনো শিখছেন !
এসময়ের সেরা ফুটবলারের স্বীকৃতিটা প্রায় পেয়েই গেছেন লিওনেল মেসি। টানা তিনবার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে নিয়ে নিজের ফুটবল প্রতিভার প্রমাণ বেশ ভালোমতোই রেখেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এখন বিতর্ক চলছে, তিনি সর্বকালেরই সেরা ফুটবলার হয়ে উঠতে পারবেন কিনা- তা নিয়ে। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে পাঁচ গোল করার অনন্য কীর্তি গড়ে বিতর্কটা আরও একটু উসকে দিয়েছেন তিনি। তবে এতকিছুর পরেও নিজের পা কিন্তু মাটিতে রাখছেন তিনি। বিগত বছরগুলোতে একজন ফুটবলার হিসেবে তাঁর বিকাশটা যেভাবে হয়েছে, তাতে সন্তুষ্টি প্রকাশ করলেও এখনও যে অনেক কিছুই তাঁর শেখার বাকি আছে তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বার্সেলোনার এই তারকা স্ট্রাইকার।‘দ্য সান’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে মেসি বলেছেন, ‘ প্রতিবছরই আমি একটু একটু করে সমৃদ্ধ হচ্ছি। আমি খুব অল্প বয়সে খেলা শুরু করেছিলাম। পুরোটা সময়ই আমি দারুণ সব সতীর্থদের পেয়েছি। আমি খেলাটা যেভাবে খেলি, তাতে সতীর্থরা আমায় দারুণভাবেই সহায়তা করে।’ সতীর্থদের ব্যাপারে কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, ‘আমি তাদের প্রতি অসম্ভব কৃতজ্ঞ। এত ভালো ভালো সতীর্থ পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান মনে হয়।’ লা লিগার শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে এবারের মৌসুমের ৫১তম গোলটি করেছেন মেসি। অনেকেই তারপর মেসিকে গগনচুম্বী উচ্চতায় বসিয়ে ফেলেছেন। তবে মসি নিজে মনে করেন এখনো তাঁর শেখার নাকি অনেক কিছুই বাকি আছে। ‘আমার মনে হয়, এখনও আমার অনেক কিছু দেওয়ার আছে। আমি এখনও তরুণ। আর একজন ফুটবলার হিসেবে আমার বিকাশটা এখনও হচ্ছে। আমি কখনও শেখা বাদ দেব না। খেলা ছেড়ে দেওয়ার সময়ও হয়ত আমি বলব, ফুটবলটা পরিপূর্ণভাবে আমি কখনোই খেলতে পারিনি। রয়টার্স