মেসি এবং অন্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দু ম্যাচেও দুর্দান্ত খেলেছিলেন, কিন্তু তাঁকে ছাপিয়ে গিয়েছিল ভিনসেন্ট এনাইয়ামার বীরত্ব আর গঞ্জালো হিগুয়েইনের হ্যাটট্রিক। অবশেষে পরশু সবাইকে ছাপিয়ে গেলেন লিওনেল মেসি। কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি, তবে সতীর্থদের দিয়ে করিয়ে হয়েছেন ম্যাচ-সেরা।বরাবরের মতো মেসি পরশুও ছিলেন প্রায় অপ্রতিরোধ্য। অধিনায়কের আর্মব্যান্ড পরা মেসিকে সামলাতে বারবার হিমশিম খেয়েছে গ্রিক ডিফেন্স। তার পরও যে তিনি গোল পেলেন না, এর কারণ গ্রিক গোলকিপার আলেক্সান্দ্রোস জোরভাসের অসাধারণ পারফরম্যান্স আর কিছুটা দুর্ভাগ্য। তবে ম্যাচ শেষে মেসি নিজে যেমন বলেছেন সত্যিটা সেটাই, ‘এমন খেললে গোল না পেলেও ক্ষতি নেই!’গ্রিসের বিপক্ষে মেসির সঙ্গে মেলাতে পারেন নাইজেরিয়ার বিপক্ষের পার্ক জি-সুংকে। নাইজেরিয়া-দক্ষিণ কোরিয়া ম্যাচে গোল হয়েছে চারটি। কিন্তু চার গোলদাতার কেউই নন, সেরা হয়েছেন পার্ক। গ্রিসের বিপক্ষে প্রথম ম্যাচেও সেরা হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক, তবে সেদিন গোলও পেয়েছিলেন। পরশু ম্যাচ-সেরা শুধুই ভালো খেলার জন্য।মেসি- পার্কের মতো মেলানো যায় পরশুর আর দুই ম্যাচ-সেরাকেও। দক্ষিণ আফ্রিকার কাটলেগো এমফেলা আর উরুগুয়ের লুইস সুয়ারেজ। দুজনই দলের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার, কিন্তু কেউই গোল পাননি আগের দুই ম্যাচে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে চারটি গোল করে স্বাগতিকদের প্রত্যাশার পারদটা অনেক উঁচুতে নিয়ে গিয়েছিলেন এমফেলা। কিন্তু ব্যর্থ আসল জায়গাতে এসেই। শুধু গোল পাননি তা-ই নয়, মাঠে খুঁজেও পাওয়া যায়নি তাঁকে। নিজের জাতটা চেনালেন পরশু ফ্রান্সের বিপক্ষে। দলের দ্বিতীয় গোলটি করেছেন, একবার তাঁর শট লাগিয়েছেন গোলবারে, বেশ কবারই হুমকি হয়ে উঠেছেন ফ্রেঞ্চ ডিফেন্সের জন্য।সুয়ারেজকে নিয়ে উরুগুয়ের প্রত্যাশা ছিল আরও বেশি। আয়াক্স আমস্টারডামের হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে ৪৯ গোল করা স্ট্রাইকার ডিয়েগো ফোরলানের সঙ্গে দারুণ এক জুটি গড়বেন—উরুগুয়ের প্রত্যাশা ছিল এমনটাই। প্রথম দু ম্যাচে হতাশ করেছিলেন, পরশু গোল পেলেন দলের দারুণ প্রয়োজনের সময়। ওই গোলটিতেই দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে এড়াতে পেরেছে উরুগুয়ে। প্রতিপক্ষ এখন দক্ষিণ কোরিয়া বলে ১৯৭০ সালের পর আবার কোয়ার্টার ফাইনাল স্বপ্নও দেখছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।