মেসি এবং মেসিকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল কেন আসছে না? কাল কি তবে তাঁর গোল-খরা কাটানোর দিন?লিওনেল মেসির মনের প্রতিজ্ঞা বলছে, হ্যাঁ, কালই হয়তো প্রতিপক্ষের জালটা খুঁজে পাবেন। নিজের নামের পাশে একটা গোল যোগ করবেন। আর্জেন্টাইন তারকা মাঠে যা করার সবই করছেন, কিন্তু গোলটাই কেবল করা বাকি।‘মেক্সিকোর বিপক্ষে গোল করবই’—কোচ ম্যারাডোনার সঙ্গে এমন বাজি ধরেছিলেন মেসি। গোল পেতে পেতেও পাননি। কালও কি বাজি ধরেই নামছেন আর্জেন্টাইন প্লে-মেকার?কাল জার্মানির বিপক্ষে মেসি গোল করুন—ভক্ত, সমর্থকদের এই প্রার্থনা যখন চারদিকে, তখন একজন খানিক নিশ্চয়তার সুরেই বলে দিয়েছেন মেসির গোল-বন্ধ্যাত্ব কাল কাটছে। কে তিনি? হেন্ক টেন কেট।বার্সেলোনায় ফ্রাঙ্ক রাইকার্ডের সহকারী হিসেবে ২০০৬ সাল পর্যন্ত তিন বছর ছিলেন এই ডাচ কোচ। তখন মেসিকে ভালোভাবেই দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকে কেটের বিশ্বাস, ‘গ্রেট খেলোয়াড়েরা সব সময়ই উপযুক্ত উপলক্ষের জন্য অপেক্ষা করে। আমি নিশ্চিত জার্মানির বিপক্ষে জাল খুঁজে পাবে মেসি।’না, দূর থেকে মেসির প্রতি শুভকামনা জানাননি কেট, বুধবার ছুটে গেছেন প্রিটোরিয়ায় আর্জেন্টিনার ক্যাম্পে। বিকেলবেলা অনুশীলন দেখেছেন, কথা বলেছেন মেসির সঙ্গে। কিছু পরামর্শও দিয়েছেন। আর্জেন্টিনার ট্রেনিং সেশনে সাইডলাইনে দাঁড়িয়ে এরপর তিনি কথা বলেছেন বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে।প্রসঙ্গক্রমে এসেছে মাঠে মেসির ফাউলের শিকার হওয়ার বিষয়টিও, ‘এই টুর্নামেন্টে রেফারিং নিয়ে অনেকে বলছেন। রেফারিদের উচিত ভালো এবং সক্রিয় খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া। কারণ, দর্শক মাঠে আসে তাদের খেলা দেখতে (বিশেষ করে মেসি)’—বলেছেন কেট।মেসি গোল পাবেন—এমন আত্মবিশ্বাস যখন অনেকের মুখে, জার্মান শিবির নিশ্চয়ই নির্ভার নয়। দুশ্চিন্তার একটা চোরা স্রোত বইতেই পারে জার্মান শিবিরে। তবে সেটির প্রকাশ নেই। মেসি তাঁর দলের জন্য বড় কোনো হুমকি—এটা মনে করেন না জার্মানি কোচ জোয়াকিম লো। মেসিকে তাঁর দল ‘সম্মিলিতভাবে’ আটকাবে, এটাই হচ্ছে তাঁর মূলকথা। পেছনে তাকিয়ে জার্মান কোচ এও বলছেন, ‘অন্য দলগুলো ওকে থামিয়ে দিতে পেরেছে। সে এখনো কোনো গোল করতে পারেনি। মাঠে আরও খেলোয়াড় থাকবে, যাদের দিকেও আমাদের নজর রাখা চাই।’ লোর খেলোয়াড়দের পাহারা এড়িয়ে মেসি পাবেন তো গোল? ওয়েবসাইট।