মেসি এবং রদ্রিগেজের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি পারবেন কি না—প্রশ্ন এটা নয়। প্রশ্ন হলো—এই মৌসুমেই পারবেন তো?চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে জোড়া গোল করে মেসি এখন বার্সেলোনার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। লাজলো কুবালার গোল ১৯৪টি, মেসিরও তা-ই। এখন আর্জেন্টাইন এই খুদে জাদুকরের সামনে বার্সার সর্বকালের সেরা হওয়ার হাতছানি। এক নম্বরে থাকা সিজার রদ্রিগেজ অবশ্য বেশ দূরেই আছেন। ১৯৪২ থেকে ১৯৫৫ পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে ১৩ মৌসুম খেলে ২৩৫টি গোল করেছেন রদ্রিগেজ। নিজের অষ্টম মৌসুমে এসেই মেসির গোল ২০০ ছুঁই-ছুঁই!রদ্রিগেজকে ছুঁতে এখনো মেসিকে করতে হবে ৪১ গোল। মেসির জন্য এই মৌসুমেই এই সাবেক স্প্যানিশ ফরোয়ার্ডকে ছাড়িয়ে যাওয়া কঠিন এক চ্যালেঞ্জ তো বটেই। তবে গত তিন মৌসুমের কথা মনে রাখলে অসম্ভব একেবারেই নয়। ২০০৮-০৯ মৌসুমে ৫১ ম্যাচে ৩৮ গোল করেছিলেন। পরের দুই মৌসুমে গোল করার গ্রাফটি ক্রমেই ওপরের দিকে উঠেছে। ২০০৯-১০ মৌসুমে ৫৩ ম্যাচে ৪৭ গোল, গত মৌসুমে ৫৫ ম্যাচে ৫৩। এরই মধ্যে এই মৌসুমে ১০ ম্যাচেই ১৪ গোল করে ফেলা মেসি এবারও গ্রাফটির উচ্চমুখী প্রবণতা বজায় থাকার ইঙ্গিত দিয়েছেন। কে জানে, হয়তো এই মৌসুমেই বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই ২৪ বছর বয়সী!রেকর্ডটায় চোখ পড়েছে মেসিরও। যদিও ব্যক্তিগত অভিলাষের সিন্দুকটার ডালা এবারও বন্ধ রেখে জানিয়ে দিলেন, দলই আগে, ‘কুবালার মতো ক্লাবের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে রেকর্ডটায় ভাগ বসাতে পেরে আমি আনন্দিত। আমি প্রতি ম্যাচেই নিজের সেরাটা ঢেলে দিই, দলকে শিরোপা জেতানোর জন্য খেলি। এর পাশাপাশি ব্যক্তিগত এসব রেকর্ড যদি আসে তো ভালো। তবে এ নিয়ে আমি উদ্বিগ্ন নই।’গত ম্যাচের উদাহরণও দিলেন, ‘আমি জানতাম, দুটো গোল করলেই কুবালার রেকর্ড ছোঁয়া যাবে। তাই বলে কিন্তু এমন নয় রেকর্ড ছোঁয়ার জন্যই আমি দুটো গোল করেছি। এখন আমাদের লক্ষ্য হলো জাতীয় দলের জন্য ক্লাব ছাড়ার আগে এ সপ্তাহটা ভালোমতো শেষ করা, গিজনের বিপক্ষে ভালো খেলা।’তবে শেষ পর্যন্ত মেসির কাছ থেকে সাংবাদিকেরা এই কথাও আদায় করে নিয়েছেন, ‘যেভাবে এই মৌসুম শুরু করতে পেরেছি, তাতে আমি খুবই খুশি। আমার মনে হচ্ছে, এই দল ইতিহাস গড়তে পারে, ইতিহাস গড়তে পারি আমিও। আশা করি, স্মরণীয় হয়ে উঠতে আমি আরও কিছু করে দেখাতে পারব।’এ মাসে আর্জেন্টিনার নতুন অধিনায়কের জন্য শুরু হচ্ছে আসল চ্যালেঞ্জ। ৭ অক্টোবর চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে আর্জেন্টিনা। ১১ তারিখ আবার ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচ। সাম্প্রতিক ইতিহাস বলছে দুটোই কঠিন ম্যাচ। জাতীয় দলের হয়ে ওই দুটো ম্যাচের আগে ক্লাবের জার্সি গায়ে আপাতত মেসির শেষ ম্যাচটা আগামীকাল। প্রতিপক্ষ স্পোর্টিং গিজন।গত চার ম্যাচে ২০ গোল করা বার্সেলোনার জন্য গিজন কোনো সমস্যা হয়ে দেখা দেবে বলে মনে হয় না। গত মৌসুমে অবশ্য গিজন বেশ ভালোই ভুগিয়েছিল পেপ গার্দিওলার দলকে। ন্যু ক্যাম্পে ১-০ গোলে জেতার পর গিজনের মাঠে গিয়ে ১-১ ড্র করেছিল বার্সা। সেদিক দিয়ে বলতে পারেন, বার্সার জন্য এটি বড় পরীক্ষা। একই দিন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এসপানিয়ল। এই মৌসুমে এসপানিয়ল পাঁচ ম্যাচের তিনটাই হেরেছে। তার পরও নিজেদের মাঠে খেলবে বলে রিয়ালের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তারাও। এএফপি, ওয়েবসাইট।