মেসি-এমবাপ্পে? রিয়ালের এর চেয়েও বড় দুশ্চিন্তার নাম বেনজেমা

শেষ পর্যন্ত আজ খেলতে পারবেন বেনজেমা?ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমার চোট থেকে ফিরে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন, কিন্তু মাঠে নামবেন কি না, তা নিশ্চিত নয়। নামলেও শুরু থেকে যে খেলবেন না, তা প্রায় নিশ্চিত করেই জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যমগুলো। সের্হিও রামোস চোটকে জয় করে ফিরতেই পারেননি।  

কিন্তু নেইমার না থাকলেও লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে তো আছেন। ভেরাত্তি, দি মারিয়া, মারকিনিওসদের নিয়ে গড়া পিএসজির একাদশ এখনো যথেষ্ট ভয়জাগানিয়া। ম্যাচটাও পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে।  

বাংলাদেশ সময় আজ রাত দুইটায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে কত দিক নিয়ে ভাবতে হচ্ছে, তা নিয়ে নতুন করে তাই আর বলতে হয় না।

তবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কপালে সম্ভবত এর চেয়েও বেশি ভাঁজ ফেলছে অন্য এক দুশ্চিন্তা—করিম বেনজেমার ফিটনেস! প্রতিপক্ষের অস্ত্রের ধার নিয়ে ভাববেন ঠিকই, কিন্তু নিজের অস্ত্রই যদি ভোঁতা থাকে, তাহলে আনচেলত্তি লড়বেন কী নিয়ে!

মেসি-এমবাপ্পের পিএসজির মুখোমুখি হবে আজ রিয়াল
ছবি: রয়টার্স

বেনজেমাহীন রিয়ালের আক্রমণকে তো ভোঁতাই বলতে হয়! গত ২৩ জানুয়ারি স্প্যানিশ লিগে এলচের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছেড়েছেন ফরাসি স্ট্রাইকার, সে ম্যাচে শেষ ১০ মিনিটে দুই গোলে কোনোরকমে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে রিয়াল। কিন্তু এরপর? পরিসংখ্যান বলবে, রিয়াল বেনজেমাকে ছাড়া তিনটি ম্যাচ খেলেছে, একটি করে জয়, হার ও ড্র। কিন্তু অন্য যে কারও চেয়ে আনচেলত্তিই ভালো জানেন, বেনজেমাকে ছাড়া এই তিন ম্যাচে কতটা ভুগতে হয়েছে রিয়ালকে।  

এই তিন ম্যাচে একমাত্র জয়টা লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা গ্রানাদার বিপক্ষে, ১-০ গোলে। সর্বশেষ ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে ২-২ গোলে ড্র লিগের শিরোপাদৌড়ে সেভিয়াকে রিয়ালের আরও কাছে চলে আসার সুযোগ করে দিয়েছে। আর একমাত্র হার? অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে, ১-০ গোলে, যে হারে মৌসুমে রিয়ালের একটা শিরোপা হাতছাড়া হয়ে গেছে। পিএসজির মাঠেও আজ তেমন কিছুরই শঙ্কা বড় হয়ে দেখা দেবে না তো রিয়ালের জন্য?

শঙ্কাটা শুধু ‘বেঞ্জু’কে ছাড়া রিয়ালের ম্যাচগুলোর ফলের কারণে নয়, রিয়ালের খেলার ধরনেও। ক্রিস্টিয়ানো রোনালদো ২০১৮ সালে রিয়াল ছাড়ার পর ক্লাবটার সবচেয়ে বড় ভরসাই বেনজেমা, এই মৌসুমেও চিত্রটা অপরিবর্তিত। মৌসুমে ২৮ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ৯ গোল, দারুণ পরিসংখ্যানটা আরও অবিশ্বাস্য লাগে যখন বিবেচনায় নেওয়া হয়, বেনজেমার বয়স ৩৪!

মৌসুমে ২৮ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি বেনজেমা করিয়েছেন আরও ৯ গোল
এএফপি

কিন্তু বেনজেমা মানে তো শুধু গোল নয়, খেলা গড়ে দেওয়াতেও অবদান থাকে ফরাসি স্ট্রাইকারের। নিজে খেলার পাশাপাশি সতীর্থদের খেলাতেও জানেন বেনজেমা। জাতীয় দলে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তাঁর জুটি তাই জমে ওঠে, রিয়ালের আক্রমণে যেমনটা জমে উঠেছে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে।

বেনজেমাকে ছাড়াও ভিনিসিয়ুস ভয়ংকর। গতি আর কারিকুরিতে প্রতিপক্ষকে ঘোল খাওয়াবেন ঠিকই। এমনকি পিএসজির মতো দলকে একাই হারিয়ে দেওয়ার ক্ষমতাও ভিনিসিয়ুসের আছে। কিন্তু বেনজেমাকে ছাড়া সর্বশেষ এই কয়েক ম্যাচে ভিনিসিয়ুসেরও ধার কি কিছুটা কম মনে হয়নি? বেনজেমা যেভাবে প্রতিপক্ষ ডিফেন্ডারদের টেনে এনে ভিনিসিয়ুসকে ছোটার জায়গা করে দেন, সেই ক্ষমতা এই রিয়ালে আর কার আছে?

বেনজেমা শেষ পর্যন্ত খেলতে না পারলে ভিয়ারিয়ালের বিপক্ষে সর্বশেষ ম্যাচের মতো আজও বেনজেমার বদলে গ্যারেথ বেলকে ‘নাম্বার নাইন’ হিসেবে খেলাতে পারেন রিয়াল কোচ আনচেলত্তি। কিন্তু রিয়ালে দিন শেষের গান শুনতে থাকা বেল অবিশ্বাস্য কিছু করে দেখাতে না পারলে বেনজেমার অভাব ঘোচানো তাঁর পক্ষেও সম্ভব নয়।

বেনজেমা না থাকলে রিয়াল যে শক্তি হারাবে, সেটি পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোও বলছেন, ‘ও অসাধারণ একজন ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা। সবচেয়ে বড় কথা, ও তার দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ও না খেলতে পারলে মাদ্রিদের জন্য সেটা বড় ক্ষতি হবে। এটা বলছি না যে তাতে আমাদের জন্য বড় সুবিধা হবে, কারণ তাদের আরও অনেক অসাধারণ খেলোয়াড় আছে। তবে এটা (বেনজেমার না থাকা) মাদ্রিদের পরিকল্পনা বদলাতে বাধ্য করবে।’

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি
ছবি: টুইটার

পিএসজি কোচ জানেন, আর আনচেলত্তি কি তা জানেন না? বেনজেমাকে নিয়ে আনচেলত্তির এত দুশ্চিন্তার পেছনে অবশ্য আনচেলত্তির নিজেরও দায় আছে। অন্তত ফুটবলবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের বিখ্যাত সাংবাদিক টিম ভিকারির কলাম তা-ই বলছে। বেনজেমাকে দ্রুত ফিরে পেতে মরিয়া আনচেলত্তি ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বেনজেমাকে স্প্রিন্ট অনুশীলন করিয়েছিলেন, তা-ও রিয়ালের অনুশীলন মাঠ ভালদেবেবাসের বিশেষভাবে নকশাকৃত উঁচু-নিচু জায়গায়। বেনজেমা অনুশীলন করেছেন ঠিকই, কিন্তু তাঁর হ্যামস্ট্রিং তাতে ‘গোসসা’ করেছে।

এতে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ–ভাগ্য কিছুটা শঙ্কায় পড়েছে। তবে সবচেয়ে বেশি শঙ্কা সম্ভবত এখন আনচেলত্তিরই ভাগ্য নিয়ে। এর আগের দফায় রিয়ালকে তাদের দশম চ্যাম্পিয়নস লিগ জেতানোর পরের মৌসুমেই প্রায় নিশ্চিত লিগ শিরোপা হারানোর দায় আনচেলত্তিকে চুকাতে হয়েছিল বরখাস্ত হয়ে। এবার কোপা দেল রে শিরোপার স্বপ্নের জলাঞ্জলি এরই মধ্যে হয়ে গেছে, লিগের শিরোপাদৌড়েও অনেক এগিয়ে থাকার সুবিধা কিছুটা হারিয়েছেন সর্বশেষ ৭ ম্যাচের ৪টিতে পয়েন্ট হারিয়ে। শেষ পর্যন্ত বেনজেমাকে ছাড়াই নামতে হলে খর্বশক্তির রিয়াল যদি পিএসজির কাছে হেরেই যায়, মার্চের মধ্যেই চ্যাম্পিয়নস লিগের স্বপ্নও শেষ হয়ে যায় রিয়ালের, আনচেলত্তিকে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ যে আরেকটি সুযোগ দেবেন না, তা নিশ্চিত করেই বলে দেওয়া যায়।

কত দুশ্চিন্তা! এর মধ্যে আনচেলত্তির কানে মধু ঢালতে পারে এই শব্দগুলো—‘এখানে আসার জন্য, কালকের ম্যাচে শতভাগ ফিট হয়েই নামার জন্য আমি যা কিছু করা সম্ভব, সবকিছুই করেছি। আমাকে ব্যথা সয়েই খেলতে হলে আমি দলের জন্য তা-ই করব, তবে আরেকবার চোটে পড়ার ঝুঁকি থাকলে সেটা করব না। এত বড় একটা ম্যাচে আমি আমার দলকে সাহায্য করতে চাই’, গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন বেনজেমা।

দলের সঙ্গে প্যারিস গেছেন ফরাসি স্ট্রাইকার। এখন শুধু তাঁকে মাঠে নামতে দেখার অপেক্ষায় রিয়াল সমর্থকেরা। আনচেলত্তিও।