অবসর নিলেন লিওনেল মেসি, আর সেই সুবাদে টুইটার তোলপাড় কিনা শহীদ আফ্রিদিকে নিয়ে! কোপা আমেরিকা কিংবা লিওনেল মেসির সঙ্গে যার কোনোই সম্পর্ক নেই, সেই আফ্রিদিকে নিয়ে মেসির বিদায় ঘোষণার দিনে অনলাইনে রসিকতার বন্যা। কোপায় আরেকবার ফাইনাল হেরে জাতীয় দল ছাড়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসিকে সিদ্ধান্ত পাল্টাতে অনুরোধ করছেন ম্যারাডোনাসহ অনেকে। মেসি কি ফিরবেন? এই প্রসঙ্গেই এসেছেন আফ্রিদি। বেশ কয়েকবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে আবার ফিরে আসা পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ব্যঙ্গই করেছেন সবাই। একজন লিখেছেন, ‘প্রিয় মেসি শহীদ আফ্রিদির মতো হও, অবসর ভেঙে ফিরে আসো।’ অনলাইনে ছড়িয়ে পড়া একটি মেমেতে দেখা যাচ্ছে, একজন সাংবাদিক মেসিকে প্রশ্ন করছেন, ‘আপনি কি আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন?’ উত্তরে মেসি হেসে বলছেন, ‘আমি তো আফ্রিদি নই!’ এনডিটিভি।