
‘আলপাইন মেসি’ আলো ছড়ালেন, আসল মেসি কিছু না করে পারেন! মেসিকে মনে করিয়ে দেওয়া সৃষ্টিশীলতায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচসেরা সুইজারল্যান্ডের জেরদান শাকিরি। লিওনেল মেসি পুরো ম্যাচে মহাতারকাসুলভ আলো ছড়াতে পারেননি । তবে তাঁর জন্য দু-একটি মুহূর্তই তো যথেষ্ট। মেসির সবচেয়ে জাদুকরি মুহূর্তটি এল ৬৫ মিনিটে। তাতেই তিনি ম্যাচসেরা।
শাকিরির মাঝে অনেক দিন পর একজন বল প্লেয়ার খুঁজে পেয়েছে সুইজারল্যান্ড। বল পায়ে কারিকুরি আর বুদ্ধিদীপ্ত সব পাস দেওয়ার জন্য বয়সভিত্তিক দলে খেলার সময়ই নাম পেয়েছেন ‘আলপাইন মেসি’। উচ্চতা খুব বেশি নয় বলে (৫ ফুট সাড়ে ছয়) ভক্তরা আবার আদর করে ডাকেন ‘বামন জাদুকর’। পরশু ইকুয়েডরের বিপক্ষে সেই জাদুর কিছু ঝলক দেখিয়েছেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার। সুইজারল্যান্ডকে জয় এনে দেওয়া গোল দুটি করেছেন দুই বদলি, কিন্তু ম্যাচসেরা ঠিকই শাকিরি।
মারাকানায় ম্যাচের বেশির ভাগ জুড়েই মেসি ছিলেন অচেনা, আর্জেন্টিনা খেলতে পারেনি ফেবারিটের মতো। বসনিয়া-হার্জেগোভিনাও খেলতে পারেনি সেই সুযোগ কাজে লাগানোর মতো। ভুলে যাওয়ার মতো ম্যাচে মনে রাখার মুহূর্ত উপহার দিয়েছেন মেসিই, চোখধাঁধানো এক গোলে। সতীর্থরা যা খেলেছেন, ম্যাচসেরা হওয়ার লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন না কেউ।
পরশু মেসি আর আলপাইন মেসির মাঝের সময়টুকু ছিল করিম বেনজেমার। গত বিশ্বকাপে সুযোগ পাননি রেমন্ড ডমেনেখের প্রাথমিক দলেও। সেই উপেক্ষার জ্বালা জুড়ানোর তাগিদ আছে। আছে দেশের জার্সিতে স্বরূপ চেনানোর চ্যালেঞ্জ। ফ্রাঙ্ক রিবেরির চোট বাড়িয়ে দিয়েছে দায়িত্বও। বিশ্বকাপ অভিষেকে দুগোল করে বেনজেমা জানান দিলেন, যুদ্ধ জয়ে তিনি প্রস্তুত!