মেসি ও রোনালদো অন্য গ্রহের: মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি অন্য গ্রহের ফুটবল খেলেন। সাম্প্রতিক সময়ে অনেকের মুখেই কথাটা শোনা যায়। এবার রিয়াল মাদ্রিদের ম্যানেজার হোসে মরিনহোও স্বীকার করে নিলেন কথাটা।তবে মরিনহোর চোখে বার্সার আর্জেন্টাইন সুপারস্টার মেসি একা নন, অন্য গ্রহের ফুটবল খেলেন আরও একজন। তিনি আর কেউ নন, তাঁরই শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদো।রোনালদো আর মেসির আধিপত্যে গতকাল অনুষ্ঠিত এবারের লা লিগার প্রথম এল ক্লাসিকো ২-২ গোলে ড্র হয়। বার্সার হয়ে দুটি গোল করেন মেসি। আর রিয়ালের গোল দুটি রোনালদোর। ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দলের দুই প্রাণভোমরার প্রশংসায় মাতেন মরিনহো, ‘মেসি ও রোনালদো অন্য গ্রহ থেকে এসেছে। আমার খেলোয়াড়েরা জিতুক, এটাই চেয়েছিলাম আমি। তবে ওরা দুজনই অসাধারণ খেলেছে।’খেলার প্রথম গোলটি ক্রিস্টিয়ানো রোনালদোর। ২৩ মিনিটে করিম বেনজেমার পাস থেকে বাঁ বায়ের নিখুঁত শটে পর্তুগিজ উইঙ্গার বল জড়ান বার্সার জালে। এর আট মিনিট পরই বার্সাকে সমতায় ফেরান লিওনেল মেসি।আর্জেন্টাইন সুপারস্টার শুধু সমতায়ই ফেরাননি, দলকে এগিয়েও দেন দ্বিতীয়ার্ধে। ৬১ মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রি কিকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন মেসি। কিন্তু এর পাঁচ মিনিট পরই বার্সাকে আবারও রোনালদোর আঘাত। ম্যাচে সমতা আবারও। মরিয়া হয়ে খেললেও খেলার বাকি সময়ে গোল পায়নি কোনো দলই।মরিনহো জানিয়েছেন, রিয়াল না জিতলেও ম্যাচটা দারুণ উপভোগ করেছেন তিনি, ‘কোচ হিসেবে ম্যাচটা দারুণ উপভোগ করেছি আমি।’ এটা অসাধারণ একটা ম্যাচ ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল নিষ্পত্তি হয়নি। প্রত্যেকেই খেলাটা উপভোগ করেছেন।