লড়াই অনেক হয়েছে। আর নয়। এবার সাদা পতাকা উড়িয়ে দিলেন ইকার ক্যাসিয়াস। ক্রিস্টিয়ানো রোনালদো সেরা নাকি লিওনেল মেসি—এই তর্কযুদ্ধের ভালো উপসংহার টানলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। বললেন, দুজনেই সমান সমান!‘আমার মতে, মানের দিক দিয়ে দুজনই সমান। দুজনেরই নিজস্ব দক্ষতা, খেলার ধরনই আছে। দুজনই বাকি সবার চেয়ে এগিয়ে। তাদের সমপর্যায়ে যাওয়া আর কারও পক্ষে সম্ভবও নয়। দুজনকে একই পাল্লায় মাপা উচিত নয়। কারণ দুজন একেবারেই স্বতন্ত্র’—মার্কাকে বলেছেন ক্যাসিয়াস।মেসি, রোনালদোর নিজ নিজ সমর্থকদের বয়েই গেছে ক্যাসিয়াসের কথা শুনতে। তাদের কাছে নিজ নিজ প্রিয় খেলোয়াড়টিই সেরা। তবে এটাও ঠিক, এই মৌসুমে মেসি-রোনালদো দুজনেই যেন অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন নিজেদের। দুজনই মৌসুমে গোলের ফিফটি পূর্ণ করেছেন। কিছুদিন ধরেই রোনালদো-স্তুতির কোরাস গাইছেন ক্যাসিয়াস। আবারও বললেন, ‘ক্রিস্টিয়ানো এই দলের মূল পরিচয়। ৩৯ গোল করা কি চাট্টিখানি কথা! তবে জানি না, ওর মনের ভেতর কী চলছে। এতগুলো গোল করার পরও লিগ জিততে না পারা তো অবশ্যই অনেক কষ্টের। তবে ক্রিস্টিয়ানো দেখিয়ে দিয়েছে, অদম্য দক্ষতা আছে ওর। ও একজন বিজয়ী বীর। তাই পরাজয় মেনে নিতে ওর খুবই কষ্ট হয়। এমনটা আমারও মাঝেমধ্যে হয়। কিন্তু পার্থক্য হলো, ক্রিস্টিয়ানো জিততে চায় সব সময়ই।’রিয়ালে নিজের দুটি মৌসুমে মাত্র একটাই ট্রফি জিতেছেন রোনালদো—কিংস কাপ। টানা তিন বছর রিয়ালকে দর্শক বানিয়ে লিগ জিতল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তবে আগামী মৌসুম থেকে ছবিটা অন্য রকম হবে। কারণ নিজের দ্বিতীয় মৌসুমে দলটাকে অনেকটাই গুছিয়ে নিতে পারবেন হোসে মরিনহো। এ ব্যাপারে ক্যাসিয়াসের আশ্বস্ত, ‘মরিনহোর সঙ্গে আমি একমত, আগামী মৌসুম থেকে আপনারা আরও ভালো একটা মাদ্রিদকেই দেখবেন। কারণ আমরা একটা দল হয়ে উঠেছি, একসঙ্গে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এর ছায়া কিন্তু লিগের দ্বিতীয়ার্ধেই আমরা দেখিয়ে দিয়েছি।’ ওয়েবসাইট।