মেসি ক্রিকেটার, ফেদারার ফুটবলার!

ভারত মহাসাগরের একটি বিচ্ছিন্ন দ্বীপ। সেখানেই ‘দ্য সেন্টার ফর সুপিরিয়র অ্যাথলেটসে’র অবস্থান। বিশ্বের তাবত্ সেরা খেলোয়াড়দের আস্তানা যাকে বলে! সহসা আস্তানায় প্রবেশ করলেন এক ভদ্রলোক। ড্রেসিং রুমের করিডর দিয়ে হেলেদুলে যাচ্ছেন তিনি। তাঁর হাতে তালবদ্ধ ব্রিফকেস। ব্রিফকেস খুলতেই দেখা মিলল একগাদা রেজর! প্রতিটি রেজর রাখা হয়েছে বিভিন্ন দেশের পতাকার ওপর।
এরপর তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুমে ঢুকলেন বর্তমান টেনিসের উজ্জ্বলতম নক্ষত্র রজার ফেদারার। ১৭টি গ্র্যান্ডস্লাম বিজয়ীর সামনে ব্রিফকেসের রেজরগুলো সাজিয়ে রাখা হলো। ফেদারার করলেন কি, জাপানের পতাকার ওপর রাখা রেজর নিলেন তুলে। মুখে চালাতেই এক ভয়ংকর দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। ফেদারার রূপান্তরিত হলেন জাপানের বিশাল দেহধারী সুমো কুস্তিগিরে। লড়লেন আরেক কুস্তিগিরের বিপক্ষে! এমন দৃশ্যে ফেদারার তো চক্ষু চড়কগাছ!
এরপর দৃশ্যপটে হাজির এ সময়ের ফুটবল মহাতারকা লিওনেল মেসি। খুদে জাদুকর তুলে নিলেন ভারতের পতাকার ওপর রাখা রেজরটি। আর অমনি বনে গেলেন দুর্দান্ত ব্যাটসম্যানে। খেললেন দারুণ এক ফ্লিক শট। পাশে দাঁড়ানো ফেদারারের দিকে অবাক চোখে তাকালেন তিনি । ফেদারার চোখে তখন দুষ্টুমির হাসি। ইশারায় মেসিকে বললেন—বোঝো এবার!
সুইস টেনিস তারকা এবার ইংল্যান্ডের পতাকার ওপর থেকে একটি রেজর তুলে নিলেন। সে কি! ফেদারার রাগবি বল নিয়ে ছুটলেন দুরন্ত গতিতে! মেসি তুললেন রাশিয়ার রেজর। অমনি বনে গেলেন আইস হকি খেলোয়াড়ে। ফেদারার ইতালির রেজর নেওয়া মাত্র হয়ে গেলেন ফর্মুলা ওয়ান তারকা। পাল্টা হিসেবে স্পেনের রেজর নেওয়া মাত্র মেসি চলে গেলেন টেনিস কোর্টে।

এবার আসল খেলা। দুটি রেজর রাখা আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকার ওপর। ফেদারার-মেসি একে অপরের দিকে একবার তাকালেন। দুজনের চোখে ঠিকরে বের হচ্ছে প্রতিশোধের আগুন। চোখের ভাষাই বলছে— হয়ে যাক চ্যালেঞ্জ! ফট করে মেসি তুলে নিলেন আর্জেন্টিনার রেজর, ফেদারার ব্রাজিলের। সেকেন্ডের ভগ্নাংশে দুজনে চলে গেলেন ফুটবল মাঠে।
মেসি চিরায়ত আকাশি-সাদা জার্সিতে একে একে কাটিয়ে ছুটলেন গোলমুখে। আর সেখানেই চমক! মেসিকে প্রতিহত করতে গোলরক্ষক হিসেবে অপেক্ষা করছেন খোদ ফেদারার। ডি-বক্সে ঢুকে মেসি বা পায়ে নিলেন এক আগুনগোলা শট। বল ছুটছে তো ছুটছে... ব্যাস, এখানেই শেষ! গোল হলো কি হলো না, তা জানা গেল না! তবে দুজন এতক্ষণ যে বৈচিত্র্যময় খেলায় অংশ নিল, সেখানে জয়-পরাজয়ের কি আদৌ প্রয়োজন আছে?
মূল কথায় আসা যাক। আসলে এটি একটি শেভিং সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানির বিজ্ঞাপনচিত্র। সেখানে অংশ নিয়েছেন বর্তমান বিশ্ব ক্রীড়াঙ্গনের এই দুই মহিরুহ। এরই মধ্যে ইউটিউবে ঝড় তুলেছে বিজ্ঞাপনের ভিডিওচিত্রটি। ওয়েবসাইট।
দেখুন সেই ভিডিওটি