মেসি-গার্দিওলা দ্বন্দ্ব!
বিদায়বেলায় এসে কী সব খবরে উঠে আসছেন পেপ গার্দিওলা! কয়েক দিন আগে খবর রটল, জেরার্ড পিকের সঙ্গে নাকি তাঁর রেষারেষি চলছে। সেই খবর গার্দিওলা-পিকে দুজনই উড়িয়ে দিলেও এবার বাতাসে নতুন গুঞ্জন, বার্সার বিদায়ী কোচের সঙ্গে নাকি ঝামেলা চলছে খোদ লিওনেল মেসির! এ জন্যই নাকি গার্দিওলার বিদায় ঘোষণার সংবাদ সম্মেলনে বাকি সবাই উপস্থিত থাকলেও মেসি আসেননি।আর্জেন্টাইন তারকা অবশ্য সেদিনই ফেসবুকে বার্তা দিয়ে জানিয়েছিলেন, গার্দিওলার বিদায় ঘোষণায় তিনি অশ্রুসিক্ত। কান্নার সেই মুখ নিয়ে ক্যামেরাবন্দী হতে চাননি বলেই আড়ালে থেকেছেন। এবার গার্দিওলাও উড়িয়ে দিলেন মেসির সঙ্গে তাঁর কোনো রকম ঝামেলার খবর, ‘প্রথম দিন থেকে আজ পর্যন্ত ওর সঙ্গে আমার সম্পর্ক সমান আন্তরিকই আছে। আমার সব খেলোয়াড়ই জয়ের জন্য নিজেদের উজাড় করে দিয়ে খেলেছে, প্রচুর পরিশ্রম করেছে। ওদের কোচ হতে পারাটা আমার জন্য ছিল বড় প্রাপ্তি।’আরেকটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে গার্দিওলাকে। বিশ্রাম নিয়ে আবার তো কোচিংয়েই ফিরবেন। বার্সেলোনায় কি আবারও দেখা যাবে না তাঁকে কোনো দিনই? এখনই তার সদুত্তর দিতে পারেননি গতকাল ন্যু ক্যাম্পে বিদায়ী ম্যাচে উপস্থিত থাকা গার্দিওলা, ‘আবার ফিরে আসব কি না? এখনো তো বিদায়ই নিলাম না। আরও তিনটি (একটা ম্যাচ কাল হয়ে গেছে) ম্যাচ বাকি আছে। তবে ভবিষ্যতে কী হবে কে জানে! এখানেই বল বয় হিসেবে শুরু করেছিলাম। অবশ্য বিদায় নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে অনেক ভারমুক্ত লাগছে।’চেলসি আর স্পেনের জাতীয় দলের কোচ হিসেবেও শোনা যাচ্ছে তাঁর নাম। গার্দিওলা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, স্পেনের দায়িত্ব দিলে নিতে হয়তো রাজিই হবেন, ‘চেলসি? সংক্ষিপ্ত মেয়াদের জন্য আবার কোচ হওয়ার কোনো ইচ্ছা নেই। আর জাতীয় দলের কোচ সেই দেশেরই কারও হওয়া ভালো।’ গত বিশ্বকাপে স্পেনের একাদশে আটজনই ছিল বার্সেলোনার। এখনো ছবিটা মোটামুটি তেমনই আছে। জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিলে জাভি-ইনিয়েস্তা-পুয়োল-পিকেদের যেমন পাবেন, তেমনি ক্লাবের মতো প্রতি সপ্তাহেই একটি-দুটি ম্যাচের দায়িত্ব পালনের চাপও নিতে হবে না। শোনা যাচ্ছে ইউরো ২০১২-এর পর স্পেন কোচের পদ থেকে বিদায় নেবেন ভিসেন্তে দেল বস্ক। তখন দায়িত্ব নিতে পারেন গার্দিওলা। ক্লাবের হয়ে সব শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়ে একটি বিশ্বকাপ জেতার স্বপ্ন নিশ্চয়ই দেখেন এই ৪১ বছর বয়সী! ওয়েবসাইট।