মেসি গিটারও বাজান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিটার হাতে মেসি! পাশে বান্ধবী রোকুজ্জো।
গিটার হাতে মেসি! পাশে বান্ধবী রোকুজ্জো।

লিওনেল মেসির নামটা শুনলেই চোখে ভেসে ওঠে মাঠের সেই দুর্দান্ত গতি, অসাধারণ ড্রিবলিং দক্ষতা আর প্রায় অচিন্তনীয় সব জাদুকরী গোলের কথা। ফুটবল মাঠের দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই সবাইকে আচ্ছন্ন করে রাখেন আর্জেন্টাইন তারকা। ফলে মাঠের বাইরেও যে তাঁর একটা আলাদা জগত্ রয়েছে সেটা প্রায়ই মনে থাকে না মেসিভক্তদের। ফুটবলার মেসির খুঁটিনাটি পরিসংখ্যান ঠোঁটের আগায় থাকলেও সেই অন্য জগতের মেসির অনেক কিছুই তাই থেকে গেছে অজানা। চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার যে গিটারও বাজাতে পারেন, সেই তথ্যটাও হয়তো এত দিন অজানাই ছিল মেসি-ভক্তদের জন্য!
মেসির এই অজানা তথ্যটি জানতে পারার জন্য ধন্যবাদ দেওয়া যেতে পারে তাঁর জীবনসঙ্গী আনতোনেলা রোকুজ্জোকে। নতুন বছর শুরুর প্রাক্কালে গিটার হাতে মেসির একটা ছবি ইন্টারনেটে প্রকাশ করেছেন রোকুজ্জো। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বছরটাকে বিদায় জানাচ্ছি সংগীত দিয়ে।’ ছবিটাতে দেখা গেছে বান্ধবীর পাশে বসে বেশ মনোযোগ দিয়ে গিটার বাজাচ্ছেন মেসি।

বালুয়াড়িতে হাঁটু গেড়ে ফার্নান্দো তোরেস প্রেমিকার হাতে তুলে দিচ্ছেন অস্তমিত সূর্য!
বালুয়াড়িতে হাঁটু গেড়ে ফার্নান্দো তোরেস প্রেমিকার হাতে তুলে দিচ্ছেন অস্তমিত সূর্য!


শুধু মেসি একাই নন, স্ত্রী-প্রেমিকাদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়ে নতুন বছরকে বরণ করেছেন গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো, ফার্নান্দো তোরেসরা। ইনজুরির কারণে দোহায় প্যারিস সেইন্ট-জার্মেইনের বিপক্ষে প্রীতি ম্যাচটা খেলতে যেতে হচ্ছে না বেলকে। কিছুটা অবসর পেয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই নতুন বছর শুরু করেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। স্ত্রী ও বন্ধুবান্ধবদের নিয়ে ব্যাপক উল্লাস করতেই দেখা গেছে বেলকে। তাঁর রিয়াল মাদ্রিদ সতীর্থ রোনালদোও ভোলেননি বান্ধবী ইরিনা শায়েকের সঙ্গে সময় কাটাতে। আর ইউরোপিয়ান ফুটবলের আরেক তারকা ফার্নান্দো তোরেস যেন হয়ে উঠেছিলেন আদর্শ প্রেমিকের প্রতিমূর্তি। নির্জন বালুয়াড়িতে হাঁটু গেড়ে বসে তোরেস যেন প্রেমিকার হাতে তুলে দিতে চাইলেন অস্তমিত সূর্যটাই।
তবে প্রেমিক ফুটবলারদের ভিড়ে একেবারেই ভিন্ন চেহারায় দেখা গেছে লুকাস পোডলস্কিকে। প্রেমিকার সঙ্গে সময় কাটানোর চেয়ে আতশবাজিতেই যেন বেশি মনোযোগ দিয়েছিলেন আর্সেনালের এই জার্মান ফরোয়ার্ড।