প্রায় সব সময়ই তাঁরা পরস্পরের তীব্র প্রতিদ্বন্দ্বী। কিন্তু এবার ‘শত্রু’র নাম বদলে গেছে। লা লিগায় মেসির বার্সেলোনাকে পেছনে ফেলে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগেও রোনালদোর রিয়াল মাদ্রিদের সামনে শেষ বাধা সেই অ্যাটলেটিকো। বার্সা ও রিয়ালের মাথাব্যথার কারণ হয়ে ওঠা এই শত্রুকে নিয়ে দুই বিশ্বসেরা ফুটবলারের ভাবনা

গত শনিবার গেটাফের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর শিরোপাস্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল বার্সেলোনার। কিন্তু পরদিনই অ্যাটলেটিকো মাদ্রিদের হার আর রিয়াল মাদ্রিদের ড্র আবারও জমিয়ে তোলে লা লিগার ত্রিমুখী শিরোপা লড়াই। এর তিন দিন পর রিয়াল আবারও ড্র করায় নাটকীয় মোড় নেয় লা লিগা। ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়ালের শিরোপা জয়ের আশা প্রায় শেষ। সমান ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা আর ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো।
যে শিরোপা বার্সার মুঠো থেকে ছিটকেই গিয়েছিল, সেটাই আবার হাতছোঁয়া দূরত্বে। সমীকরণটাও সহজ। শেষ দুটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন বার্সেলোনা। কারও ওপর নির্ভর করতে হবে না, তাকিয়ে থাকতে হবে না অন্য কোনো দলের দিকে। কিন্তু সেই শেষ দুটি ম্যাচের শেষটি আরেক শিরোপাপ্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ওদের সমীকরণটা অবশ্য আরও সহজ। বাকি দুটি ম্যাচ ড্র করলেই ১৮ বছর পর লা লিগা জয়ের স্বাদ পাবে ডিয়েগো সিমিওনের দল। মেসি চাইছেন আজ এলচের বিপক্ষে ও ন্যু ক্যাম্পে ১৮ মে লিগের শেষ ম্যাচটা জিতে অ্যাটলেটিকোর শিরোপা-উৎসব ভন্ডুল করে দিতে, ‘গত কয়েক সপ্তাহের তুলনায় এখন আমরা ভালো অবস্থানে আছি। লিগ জেতার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এটা নির্ভর করছে শুধুই আমাদের ওপর। তাই এ সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন এটা ছিটকে না যায়।’
বার্সেলোনা চেষ্টা করবে প্রাণপণ। তবে ক্লাবের ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ অবশ্য মনে করেন শিরোপাটা এবার অ্যাটলেটিকোরই পাওয়া উচিত, ‘শিরোপাটা এবার ওদেরই প্রাপ্য। যদি না-ও জিততে পারে, তার পরও বলতে হবে অসাধারণ একটা মৌসুম কাটিয়েছে অ্যাটলেটিকো।’ এএফপি।