মেসি চেয়েছেন বলেই মার্টিনো
কোচিং ব্যাপারটাই এমন, এটা স্যুট-টাই পরে করার জিনিস নয়। কোচিং করাতে হয় শর্টস আর বুট পরে।এই দর্শনটা যাঁর, সেই ভদ্রলোকের নাম জেরার্ডো মার্টিনো। ডাগ আউটে স্যুট-টাই পরে বসে থেকে কাজ সারার পক্ষপাতী তিনি কখনোই ছিলেন না। সব সময় বলেন, কোচের আসল কাজ হচ্ছে অনুশীলনের মাঠে। সেখানেই বুঝে নিতে হয় হাতে কী কী অস্ত্র আছে, কী নিয়ে লড়তে হবে। সেটাও যেনতেনভাবে করলে চলবে না, লড়তে হবে সবার মন জয় করে। হার-জিত যা-ই হোক, সবাই যেন বলে, দলটা খেলেছে বটে!১৯৯৮ সালে আর্জেন্টিনার অখ্যাত ক্লাব আরেসিফেসে যখন কোচিং ক্যারিয়ার শুরু করেন, তখন থেকেই এই নীতিতে অটল আছেন মার্টিনো। নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে তাঁর খেলোয়াড়ি ক্যারিয়ারটা এত ঝলমলে যে, চাইলেই বড় কোনো ক্লাবের হয়ে কোচ হিসেবে অভিষেক হতে পারত। কিন্তু মার্টিনো সেটা চাননি। ফুটবলার হিসেবে যেমন তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন, কোচ হিসেবেও চেয়েছেন তেমনি গোড়া থেকে শুরু করতে। মার্টিনোর কোচিং ক্যারিয়ার তাই শুরু হলো এমন একটা শহরে, যেখানে ফুটবল নয়, সবচেয়ে জনপ্রিয় খেলা মোটর স্পোর্ট। মাঝখানে ১৫ বছর গেল, আটটা ক্লাব বদল হলো। অবশেষে সেই মার্টিনো এমন একটা ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন, সুন্দর আর আক্রমণাত্মক ফুটবল মিলিয়ে যারা সাফল্যের সমীকরণ নতুন করে লিখেছে—বার্সেলোনা।নিওয়েলস ওল্ড বয়েজের খেলোয়াড় আর প্যারাগুয়ের কোচ হিসেবে মার্টিনোকে চেনেন অনেকে। আবার অনেকের কাছে ‘মার্সেলো বিয়েলসার শিষ্য’ পরিচয়টাই বড়। রোজারিওর এই ক্লাবে খেলতে গিয়ে ‘গুরু’ হিসেবে পেয়েছিলেন আর্জেন্টাইন কোচকে। এর পর থেকে তাঁর ফুটবলদর্শন থেকে জীবনাচরণের অনেক কিছুই অনুসরণ করেছেন মার্টিনো। রোজারিওতে থাকার সময়টাতেই হোর্হে মেসি নামের এক ভদ্রলোক দারুণ ভক্ত হয়ে উঠেছিলেন মার্টিনোর। বাবার ভালোবাসা পরে ছড়িয়েছে ছেলে লিওনেল মেসির মধ্যেও। কৈশোরের ক্লাবের এই নায়ককে অনেক আগে থেকেই উঁচু একটা আসনে বসিয়েছিলেন, নামধাম হওয়ার পরও পরিবর্তন হয়নি সেটির। গত পরশু তাঁর কোচ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটা আসার কিছুক্ষণ পরই রোজারিওতে এক সংবাদ সম্মেলন করলেন মার্টিনো। যেখানে আভাস দিলেন মেসির নেপথ্য ভূমিকার ব্যাপারে, ‘কীভাবে সবকিছু হলো, আমি বিস্তারিত জানি না। তবে আমার কোনো সন্দেহ নেই, হোর্হে ও মেসি দুজনেরই এ ব্যাপারে কিছুটা ভূমিকা আছে। ওদের মতামত নেওয়া হয়েছিল এবং ফলাফল তো দেখতেই পাচ্ছি আমরা।’মার্টিনোর প্রতি পক্ষপাতের কথা প্রকাশ্যেই জানিয়েছেন মেসি। তবে সেটিকেই একমাত্র কারণ ভাবলে ভুল হবে। মার্টিনোর কোচিং ক্যারিয়ার আর ফুটবলদর্শনও নিশ্চয়ই বিবেচনায় নিয়েছেন বার্সার কর্তাব্যক্তিরা। যেভাবেই হোক, মেসির কোচ হওয়ার সুযোগ পেয়ে যে মার্টিনোও দারুণ উচ্ছ্বসিত, সেটা লুকানোর কোনো চেষ্টাই করেননি, ‘আমি কৃতজ্ঞ যে, ওরা আমাকে এবং আমার সহকারীদের এ কাজের জন্য বেছে নিয়েছে। বার্সেলোনার মতো দল আর মেসির মতো ফুটবলার সব কোচেরই চাওয়া। আমরা তাঁকে সহযোগিতা করব, যাতে সে অসাধারণ ফুটবলার হয়েই থাকতে পারে।’সহকারীদের নিয়ে আজই ন্যু ক্যাম্পের উদ্দেশে উড়াল দেবেন দায়িত্ব বুঝে নেওয়ার জন্য। তবে বার্সেলোনার কোচ হয়ে ডাগ আউটে বসতে আরও দুই দিন অপেক্ষা করতে হবে মার্টিনোকে। শনিবার অসলোতে নরওয়ের ক্লাব ভ্যালেরেনগার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হতে পারে জেরার্ডো মার্টিনোর। সঙ্গে যে কজন সহকারী আছেন, তাঁদের মধ্যে আদ্রিয়ান কোরিয়ার নামটা আলাদাভাবে বলার মতো।১১ থেকে ১৩ বছর পর্যন্ত লিওনেল মেসি যখন নিওয়েলস ওল্ড বয়েজে খেলতেন, বিস্ময়বালকের কোচ ছিলেন এই ভদ্রলোক। ওয়েবসাইট।জেরার্ডো মার্টিনোখেলোয়াড়ি জীবনে ছিলেন মিডফিল্ডার কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে খেলেছেন মাত্র একটি ম্যাচ।ক্যারিয়ারের বড় অংশটাই কাটিয়েছেন আর্জেন্টাইন ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে, খেলেছেন ক্লাব-সর্বোচ্চ ৫০৯ ম্যাচে, জিতেছেন তিনটি লিগ শিরোপা।কোচ হিসেবে ১৯৯৮ সালে অভিষেক আর্জেন্টিনার ক্লাব আরেসিফেসে। তবে প্যারাগুয়ের ক্লাব লিবার্তাদকে তিনবার আর সেরো পোর্তেনোকে একবার লিগ জিতিয়েছেন। ২০০৬ সালে প্যারাগুয়ের কোচের দায়িত্ব নিয়ে দলটিকে তোলেন ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর ২০১১ কোপা আমেরিকার ফাইনালে।কোচ হয়ে এই প্রথম দক্ষিণ আমেরিকার বাইরে আসছেন মার্টিনো। বার্সেলোনায় তিনি চতুর্থ আর্জেন্টাইন কোচ। তাঁর আগে বার্সায় সর্বশেষ আর্জেন্টাইন কোচ হয়েছিলেন সিজার লুইস মেনোত্তি, ১৯৮৩ সালে। তাঁদের চোখেবার্সেলোনায় কোচ হয়ে আসার আগে রাইকার্ড ও গার্দিওলা জেতেনি কিছুই। কিন্তু শেষ করেছিল বিশাল সাফল্য নিয়ে। আমার বিশ্বাস মার্টিনোও সেই পথেই হাঁটবে।ইয়োহান ক্রুইফআমি নিজেকে মার্টিনোর শিক্ষক মনে করি না। ওকে খেলতে দেখে এবং নেতৃত্বগুণ দেখে আমি নিজেই ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। মার্সেলো বিয়েলসাক্লাব যে সিদ্ধান্ত নেয় সেটা বার্সেলোনার কথা ভেবেই নেয়। আমি মনে করি উনি আমাদের ধরনের সঙ্গে মানানসই। তিনিই বার্সেলোনার জন্য আদর্শ কোচ এবং এটা খুব ভালো সিদ্ধান্ত।আন্দ্রেস ইনিয়েস্তা