মেসি-চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ফার্ডিনান্ড
লিগে গত তিন ম্যাচে গোল পাননি। গোল পাননি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগেও। যে লিওনেল মেসি মাঠে নামা মানেই গোল, সেই তিনি টানা চার ম্যাচে গোলশূন্য। তবে কি ২৮ মের জন্যই জমিয়ে রাখছেন সব গোল!ওয়েম্বলির ফাইনালে এদিন ম্যানচেস্টার ইউনাইটেডের মূল আতঙ্ক হয়ে উঠবেন মেসিই। যেমনটা উঠেছিলেন দুই বছর আগের ফাইনালে। লাফিয়ে করা হেড থেকে মেসির গোলই শেষ পেরেক ঠুকে দিয়েছিল ম্যানইউর আশার কফিনে। এবার কি ম্যানইউ বদলা নেবে, নাকি অপেক্ষা করছে আরেকটি মেসি-শো?মেসি-বাহিনীর সব আক্রমণ নিষ্ফল করে দেওয়ার দায়িত্ব কাঁধে নিচ্ছেন যিনি, সেই রিও ফার্ডিনান্ড আশাবাদী, এবারের গল্পটা হবে অন্য রকম। ম্যানইউর এই সেন্টারব্যাক অবশ্য স্বীকার করে নিচ্ছেন, মেসিকে সামলানো সহজ হবে না মোটেও, ‘মেসি এ সময়ের অন্যতম সেরা। মাঠের যেকোনো জায়গায় ও আপনাকে আঘাত হানতে পারে।’তবে মেসিকে আটকাতে সুনির্দিষ্ট এক-দুজনের ওপর দায়িত্ব থাকবে না বলেও জানালেন তিনি, ‘ওর মতো খেলোয়াড়ের দেখভালের দায়িত্ব এক-দুজনের ওপর থাকবে না। পুরো দলেরই দায়িত্ব থাকবে সেটা। তবে একইভাবে ওরাও নিশ্চয়ই আমাদের দলের খেলোয়াড়দের নিয়ে ভাবছে। আমাদেরও এমন কিছু খেলোয়াড় আছে, যারা মাঠের যেকোনো জায়গায় ওদের আঘাত হানতে পারে।’ ওয়েবসাইট।