মেসি জাদুতে আর্জেন্টিনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার জার্সি গায়ে একের পর এক গোল করে যাচ্ছিলেন লিওনেল মেসি। এই মৌসুমে এখন পর্যন্ত ১৫ ম্যাচে করেছেন ১৫ গোল। কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে নিষ্প্রভ হয়ে যান বলে দুর্নাম আছে তাঁর। এবার সেই বদনামটাও ঘুচিয়ে দিলেন এই আর্জেন্টাইন জাদুকর। অতিরিক্ত সময়ে মেসির এক অসাধারণ গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা।ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন লাতিন এই দুই পরাশক্তির লড়াই দেখার জন্য। আর দর্শকদের নিরাশ করেননি বাতিস্তা,মেনজেসের শিষ্যরা। সুন্দর ফুটবলের জন্য অপেক্ষার প্রতিদান বেশ ভালোভাবেই দিয়েছেন তাঁরা। প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলছিল ব্রাজিলই। মেনজেসের ডাকে দীর্ঘদিন পর দলে ফিরে নিজের সেরাটা যেন উজাড় করে দিতে চাইছিলেন রোনালদিনহো। গোলের দেখাও হয়তো পেয়ে যেতেন। কিন্তু দু-দুবার তাঁর দুটি অসাধারণ গোল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো। প্রথমার্ধের শেষের দিকে মেসিও গোল পেয়ে যেতে পারতেন। কিন্তু তাঁর বাঁ পায়ের এক দুর্দান্ত শট গোলপোস্টের ডান প্রান্ত ছুঁয়ে বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টি আক্রমণে দুই দলই নান্দনিক লাতিন ফুটবলের অসাধারণ প্রদর্শনী উপহার দিলেও শেষ পর্যন্ত মনে হচ্ছিল যেন অমিমাংসীতভাবেই শেষ হবে ফুটবলের এই দুই পরাশক্তির লড়াইটা। কিন্তু এটা যেন একেবারেই মেনে নিতে পারছিলেন না মেসি। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে মাঝমাঠে ইজেকুয়েল লাভেজ্জির সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে তিনজন প্রতিপক্ষকে বোকা বানিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন ফিফার এই বর্ষসেরা খেলোয়াড়। ‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম।ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা শেষবারের মতো জয়ের দেখা পেয়েছিল ২০০৫ সালে। এরপর আরও পাঁচবারের মুখোমুখি ম্যাচে ব্রাজিল জিতেছিল চারবার। ড্র হয়েছিল একটি ম্যাচ। তবে ব্রাজিলের বিপক্ষে জয়ের ধারাটি অব্যাহত রেখেছেন কোচ সার্জিও বাতিস্তা। তাঁর অধীনে আর্জেন্টিনা একবারই মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে। সেবার ব্রাজিলকে হারিয়েই তারা পৌঁছেছিল ফাইনালে। এবারও মেনজেস যুগের ব্রাজিলকে প্রথম পরাজয়ের স্বাদ দিলেন বাতিস্তাই। রয়টার্স।